উপকূলের দিকে ধেয়ে আসছে নিম্নচাপ, প্রবল বৃষ্টির আশঙ্কা, ভিজবে রাজ্য

কলকাতা: আষাঢ়ে নামল শ্রাবণ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল, যা সপ্তাহান্তে (৪ থেকে ৮ জুলাই) দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও বাড়িয়ে…

west bengal weather heavy rain alert july 2026

কলকাতা: আষাঢ়ে নামল শ্রাবণ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল, যা সপ্তাহান্তে (৪ থেকে ৮ জুলাই) দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও বাড়িয়ে দেবে। এই নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। (West Bengal Weather Update Heavy Rain Alert)

কলকাতায় আজকের পূর্বাভাস

বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। রোদের তেজ কম থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ শহরজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। এর জন্য শহরে ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬.৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার পূর্বাভাস রয়েছে।

Advertisements

দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা

সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সমুদ্রে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গের পরিস্থিতি

উত্তরবঙ্গে বৃষ্টির দাপট সবচেয়ে বেশি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির জন্য আবহাওয়া দপ্তর ‘কমলা সতর্কতা’ জারি করেছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টির জন্য ‘হলুদ সতর্কতা’ রয়েছে। তবে সপ্তাহান্তে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।