কলকাতা: রাজ্যের প্রাথমিক স্তরের পড়ুয়াদের স্বাস্থ্যের সার্বিক উন্নতি এবং পুষ্টির দিকে বিশেষ নজর দিতে রাজ্য বাজেটে বড়সড় পদক্ষেপ করল সরকার। সোমবার বিধানসভায় পেশ হওয়া বাজেটে প্রাথমিক স্কুলে মিড ডে মিলের (Mid-Day Meal) উপকরণের খরচ একধাক্কায় বাড়িয়ে ১০ টাকা করার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, পড়ুয়াদের পাতে স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার তুলে দিতে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে রাজ্য। (West Bengal Mid-Day Meal Budget 2026)
মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধি
প্রাথমিক স্কুলের শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে মিড ডে মিলের উপকরণের জন্য মাথাপিছু বরাদ্দ বৃদ্ধির দাবি দীর্ঘদিনের। বাজারদর বৃদ্ধির কারণে আগের বরাদ্দে পুষ্টিকর খাবার তুলে দেওয়া রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছিল স্কুল কর্তৃপক্ষের কাছে। এবার সেই সমস্যা মেটাতে বাজেটে পড়ুয়া পিছু মিড ডে মিলের খরচ বাড়িয়ে ১০ টাকা করার ঘোষণা করা হল। এর ফলে শিশুদের পাতে আরও উন্নত মানের এবং পুষ্টিকর খাবার তুলে দেওয়া সম্ভব হবে বলে মনে করছে শিক্ষা মহল।
ইসকনের (ISKCON) সঙ্গে বিশেষ জোট
বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি খাবারের মান ও পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। কলকাতা পুরসভা (KMC) এলাকার স্কুলগুলিতে মিড ডে মিলের খাবার পরিবেশনের জন্য ইসকনের সহযোগিতায় একটি নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে।
কেন এই সিদ্ধান্ত? ইসকনের রান্না করা খাবার অত্যন্ত পরিচ্ছন্ন এবং পুষ্টিকর হিসেবে সর্বজনবিদিত। এই চুক্তির ফলে শহরের স্কুলগুলির পড়ুয়ারা সরাসরি সেন্ট্রালাইজড কিচেন থেকে রান্না করা পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার পাবে।
নতুন সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক স্তরের পড়ুয়াদের শারীরিক বিকাশ যেমন তরান্বিত হবে, তেমনই স্কুলে উপস্থিতির হারও বাড়বে বলে আশাবাদী প্রশাসনিক কর্তারা। সামাজিক সুরক্ষার পাশাপাশি শিশুদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এই পদক্ষেপ যথেষ্ট প্রশংসনীয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



