কলকাতা: তারকেশ্বরে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা জহর করকে (Jahar Kar)ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বহুল চর্চিত ডিম থেরাপি দেওয়া হয় তাকে। স্থানীয় বাসিন্দাদের একাংশের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এই ঘটনাকে দেখা হচ্ছে। রাজনৈতিক আনুগত্য বারবার পরিবর্তনের অভিযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে যে অসন্তোষ তৈরি হয়েছিল, তারই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জহর কর তাঁর রাজনৈতিক জীবনের শুরু করেছিলেন সিপিআই(এম)-এর কর্মী হিসেবে। দীর্ঘদিন বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং ধীরে ধীরে এলাকায় দলের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। অভিযোগ তৃণমূল আমলে একাধিক দুর্নীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে তিনি বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে নানা মহলে জোর জল্পনা শুরু হয়। যদিও এ বিষয়ে তাঁর তরফে স্পষ্ট কোনও ঘোষণা সামনে আসেনি, তবুও দলবদলের সম্ভাবনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পায়।
আরও দেখুনঃ বাজেট পেশের আগে বিধানসভায় পুজো-আরতি মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর
স্থানীয় মানুষের একাংশের অভিযোগ, আদর্শ বা জনস্বার্থের চেয়ে ব্যক্তিগত রাজনৈতিক সুবিধাকে গুরুত্ব দিয়েই বারবার দল পরিবর্তনের চেষ্টা করেছেন জহর কর। তাঁদের মতে, ভোটারদের বিশ্বাস ও সমর্থনকে উপেক্ষা করে রাজনৈতিক অবস্থান বদল করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এই কারণেই দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে ক্ষোভ জমা হচ্ছিল।
সম্প্রতি সেই ক্ষোভ প্রকাশ্যে আসে। তারকেশ্বরের একটি এলাকায় জহর কর উপস্থিত হলে বিক্ষুব্ধ জনতার একটি অংশ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে স্লোগান ও মৌখিক প্রতিবাদ চললেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময়ই কয়েকজন বিক্ষোভকারী তাঁর দিকে ডিম ছুঁড়ে মারেন। জামাকাপর ছিঁড়ে দেন। ঘটনাস্থলে উপস্থিত মানুষদের মধ্যে হইচই পড়ে যায় এবং মুহূর্তের মধ্যে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।



