কলকাতা: সরকারি বাসের দীর্ঘদিনের সংকট কাটাতে এবং যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। মঙ্গলবার একগুচ্ছ নতুন প্রকল্পের সূচনা করে রাজ্যে একসঙ্গে ৫০টি শীতাতপ নিয়ন্ত্রিত (AC) বাস পরিষেবা চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন পরিবহণ ব্যবস্থার আধুনিকীকরণের পাশাপাশি পরিবেশবান্ধব যাতায়াত এবং মহিলা যাত্রীদের সুরক্ষার ওপর বিশেষ জোর দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।
কেন্দ্রের সঙ্গে সমন্বয়ে জোর
এদিনের উদ্বোধনী অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে আরও গতিশীল করতে কেন্দ্রের সঙ্গে সুসমন্বয় রেখে কাজ করা অত্যন্ত জরুরি। তাঁর মতে, সঠিক পরিকল্পনা ও পরিকাঠামো গড়ে তুলতে পারলে পরিবহণ দপ্তরই রাজ্যের রাজস্ব বৃদ্ধির অন্যতম মাধ্যম হয়ে উঠতে পারে। যদিও পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া বিশাল আর্থিক বোঝা নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। শুভেন্দুর দাবি, রাজ্য সরকারের ঘাড়ে প্রায় আট লক্ষ কোটির আর্থিক বোঝা চাপিয়ে দিয়ে যাওয়া হয়েছে, তা সত্ত্বেও প্রতিকূলতা কাটিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
পরিবেশবান্ধব ও আধুনিক পরিবহণ
প্রদূষণ কমাতে এবং খরচ কমাতে ডিজেলের ওপর নির্ভরতা কমিয়ে সিএনজি (CNG) এবং ইভি (EV)-র ব্যবহার বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে নতুন সরকার। সেই লক্ষ্যেই আগামী দিনে রাজ্যে আরও বেশ কিছু বিদ্যুৎচালিত বাস নামানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক বাসের কথা মাথায় রেখে রাজ্যজুড়ে দ্রুত ইভি চার্জিং স্টেশনের সংখ্যা বাড়ানোর কাজ চলছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
মহিলাদের জন্য বিশেষ সুবিধা ও জলপথ পরিবহণ
মহিলা যাত্রীদের সুরক্ষা এবং যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় করতে সরকারি বাসে এবার থেকে ‘গোলাপি আসন’ বা পিঙ্ক সিটের ব্যবস্থা করা হচ্ছে। শুধু সড়কপথেই নয়, জলপথ পরিবহণকেও ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের ঘোষণা অনুযায়ী, দেশের ১৭তম রাজ্য হিসেবে এবার ‘ওয়াটার মেট্রো’ পরিষেবার সঙ্গে যুক্ত হতে চলেছে বাংলা, যা রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায় যোগ করবে বলেই মনে করা হচ্ছে।





