মিথ্যে ধর্ষণের মামলা সাজিয়ে গ্রেফতার পাঁশকুড়ার দাপুটে তৃণমূল নেতা সুজিত রায়

কলকাতা: মিথ্যে ধর্ষণের মামলা সাজিয়ে ফাঁসানোর গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়। বর্তমানে তিনি পাঁশকুড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পদেও রয়েছেন।…

কলকাতা: মিথ্যে ধর্ষণের মামলা সাজিয়ে ফাঁসানোর গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়। বর্তমানে তিনি পাঁশকুড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পদেও রয়েছেন। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পুলিশ। (TMC Leader Sujit Roy Arrested)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই গ্রেফতারির নেপথ্যে রয়েছে ২০২১ সালের একটি চাঞ্চল্যকর ঘটনা। ওই বছর পাঁশকুড়ায় খুন হওয়া তৃণমূল নেতা কুরবান শাহের দাদা আফজল শা-র বিরুদ্ধে এক মহিলা ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গোটা ঘটনার মোড় নাটকীয়ভাবে ঘুরে যায়। ওই মহিলা ফের পাঁশকুড়া থানার দ্বারস্থ হয়ে একটি নতুন অভিযোগ দায়ের করেন।

   

পুলিশের কাছে ওই অভিযোগকারিণীর বর্তমান দাবি, ২০২১ সালে আফজল শা-র বিরুদ্ধে তিনি স্বেচ্ছায় কোনও অভিযোগ করেননি। তৃণমূল নেতা সুজিত রায় জোর করে ও চাপ সৃষ্টি করে তাঁকে দিয়ে ওই মিথ্যে ধর্ষণের মামলা দায়ের করিয়েছিলেন। মহিলার এই বিস্ফোরক বয়ানের ভিত্তিতেই নড়েচড়ে বসে প্রশাসন এবং শুরু হয় তদন্ত। এরপরই কলকাতা থেকে সুজিত রায়কে পাকড়াও করে পুলিশ।

দলেরই এক নিহত নেতার দাদার বিরুদ্ধে চক্রান্ত এবং মিথ্যে মামলায় ফাঁসানোর এই অভিযোগে তৃণমূলের জেলা সভাপতির গ্রেফতারি ঘিরে এলাকার রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। ধৃতকে আদালতে পেশ করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।