ভোটার তালিকা বিতর্কের মাঝেই নেতাজি ইন্ডোরে বিএলএ বৈঠক ডাকলেন মমতা

খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর। একদিন আগেই প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠতেই তৎপর তৃণমূল কংগ্রেস। ...

By Moumita Biswas

Published:

Follow Us
Mamata Accuses BJP of Undermining People’s Rights Ahead of Polls

খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর। একদিন আগেই প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠতেই তৎপর তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের দিনই ভবানীপুরে দলের বুথ লেভেল এজেন্ট (বিএলএ)-দের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার কলকাতায় দলের বিএলএ-দের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো।

দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ২২ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে কলকাতার পাশাপাশি হাওড়া ও হুগলি জেলার একাংশের বিএলএ-দেরও ডাকা হয়েছে। নির্বাচন কমিশনের শুনানি শুরুর ঠিক আগের দিন এই বৈঠককে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

   

কড়া বার্তা মমতার

এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ায় যাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায়, সে বিষয়ে প্রথম থেকেই দলের নেতা-কর্মীদের কড়া বার্তা দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বিএলএ-দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএলও-দের সঙ্গে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করেন এবং কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে, সে দিকে নজর রাখেন।

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গুরুতর অভিযোগ সামনে আসছে। একাধিক জায়গায় জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। হুগলির ডানকুনির একটি পৌরসভার তৃণমূল কাউন্সিলরের নামও খসড়া তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে ঘাসফুল শিবির।

ভোটার তালিকা সংক্রান্ত শুনানি

এই পরিস্থিতিতে আগামী ২৩ ডিসেম্বর থেকে ভোটার তালিকা সংক্রান্ত শুনানি শুরু করবে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় নাম থাকা ব্যক্তিকেও শুনানিতে ডাকা হতে পারে বলে জানা গিয়েছে। ফলে চূড়ান্ত ভোটার তালিকায় যাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায়, সে জন্য আগাম প্রস্তুতি নিতে চাইছে তৃণমূল।

কমিশনের শুনানি শুরুর একদিন আগেই কলকাতা, হাওড়া ও হুগলির একাংশের বিএলএ-দের নিয়ে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে এই বৈঠক থেকে বুথস্তরের নেতাদের উদ্দেশে তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেন এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে দল কোন কৌশল নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google