গোডাউনের ছাদ ভেঙে এখনও পর্যন্ত মৃত্যু ৩ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু

কলকাতা: তারাতলায় একটি নির্মীয়মাণ গোডাউনের লোহার ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। এই বিপর্যয়ে এখনও পর্যন্ত তিন জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ধ্বংসস্তূপের…

Taratala warehouse roof collapse

কলকাতা: তারাতলায় একটি নির্মীয়মাণ গোডাউনের লোহার ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। এই বিপর্যয়ে এখনও পর্যন্ত তিন জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন আরও বেশ কয়েক জন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, উদ্ধারকাজে পুলিশ ও দমকলের পাশাপাশি সেনাকেও তলব করতে হয়েছে। (Taratala warehouse roof collapse)

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ওই গোডাউনে ছাদ ঢালাইয়ের কাজ চলাকালীন আচমকাই লোহার কাঠামোটি ভেঙে পড়ে। সেই সময় সেখানে প্রায় ৫০ থেকে ৬০ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। ধ্বংসস্তূপ থেকে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এসএসকেএম (SSKM) হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত বাকি পাঁচ জনের মধ্যে চার জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। চিকিৎসাধীন ওই চার জন হলেন, দুর্বাশা মল্লম, মানিক চাঁদ কুমার, শাহিদ কুমার এবং এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

   

বিপর্যয়ের ভয়াবহতা বুঝে নবান্নের তরফে জরুরি ভিত্তিতে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাতে ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল। বড় ক্রেন এবং গ্যাস কাটার দিয়ে ভারী লোহার কাঠামো কেটে আটকে পড়া শ্রমিকদের বের করে আনার মরিয়া চেষ্টা চলছে। দ্রুত চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে একাধিক অ্যাম্বুল্যান্স।

এদিকে, এই ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, গোডাউনটি সম্পূর্ণ বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল। পাশাপাশি, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা শ্রমিকদের জন্য নিরাপত্তার কোনও ন্যূনতম ব্যবস্থাই সেখানে ছিল না। প্রাথমিক তদন্তে অনুমান, সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে নির্মীয়মাণ কাঠামোটি দুর্বল হয়ে পড়েই এই বিপত্তি ঘটে থাকতে পারে।

খবর পেয়েই দুর্ঘটনাস্থলে ছুটে যান অগ্নিমিত্রা পল, ইন্দ্রনীল খাঁ এবং বিজেপি নেতা রাকেশ সিং। আটকে থাকা বাকি শ্রমিকদের দ্রুত ও নিরাপদে উদ্ধারের দিকেই এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে প্রশাসন। গোটা ঘটনায় তারাতলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।