‘মেয়েকে হারিয়েছি, আর কীসের ভয়?’ সমন ফিরিয়ে তৃণমূলকে খোলা চ্যালেঞ্জ রত্নাদেবীর

Ratna Debnath police summons

কলকাতা: ভোটের মুখে পানিহাটি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। এবার এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা ‘অভয়ার মা’ রত্না দেবনাথকে সমন পাঠাল পুলিশ! যদিও নোটিসে স্বামীর নাম ভুল থাকায় সেই সমন গ্রহণ করতে অস্বীকার করেছেন তিনি। আর ভোটের ঠিক আগেই পুলিশের এই পদক্ষেপকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

কেন পুলিশের সমন?

জানা গিয়েছে, বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কিছু কটু মন্তব্য করেছিলেন রত্নাদেবী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়। মূলত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার আচমকা তাঁর কাছে পুলিশের এই সমন পৌঁছয়।

   

কী বলছেন রত্না দেবনাথ? Ratna Debnath police summons

সমন ফেরানোর পাশাপাশি তৃণমূল ও রাজ্য পুলিশকে কড়া ভাষায় আক্রমণ করেছেন অভয়ার মা। তাঁর কথায়, “তৃণমূলের ভাণ্ডারে আমাকে আক্রমণ করার মতো আর কোনও শব্দ অবশিষ্ট নেই। তাই এখন সমন পাঠিয়ে হেনস্থা করার চেষ্টা হচ্ছে।”

গত সপ্তাহে পানিহাটিতে প্রচারে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিলেন, বিজেপি প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ না করে রাজনৈতিক সৌজন্য বজায় রাখতে। সেই প্রসঙ্গ টেনেই রত্নাদেবীর কটাক্ষ, “ভাইপো এসে বলে যাচ্ছে শালীনতা বজায় রাখতে, আর অন্যদিকে পিসির পুলিশ সমন পাঠাচ্ছে! মনোনয়ন পর্ব থেকেই আমার ওপর হামলার চেষ্টা চলছে। কিন্তু আমি আমার মেয়েকে হারিয়েছি, আর কিছু হারানোর নেই। তাই আমাকে ভয় দেখানো যাবে না। আপনারা ইট ছুড়লেও আমি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকব।”

ভোটের মুখে শাসকদল ও বিরোধী শিবিরের এই পালটাপালটি বয়ানে পানিহাটির রাজনৈতিক আবহাওয়া এখন রীতিমতো তপ্ত।