রানিগঞ্জের ধসপ্রবণ এলাকার জন্য মেগা প্যাকেজ মুখ্যমন্ত্রীর! কী কী থাকছে?

Mamata Banerjee black money allegation

রানিগঞ্জ: শনিবার ভোটপ্রচারে গিয়ে রানিগঞ্জের ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের জন্য বড়সড় পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের জীবনের সুরক্ষার কথা মাথায় রেখে, ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য এই বিশেষ প্রস্তাব দিয়েছেন তিনি। একইসঙ্গে এদিন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেত্রী।

কী থাকছে পুনর্বাসন প্যাকেজে?

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ধসপ্রবণ এলাকা থেকে সরে এলে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক ও বাসস্থানের সুবিধা দেওয়া হবে। তিনি বলেন, “মানুষের জীবন সবচেয়ে মূল্যবান। তাই আমরা চাই না কেউ বিপদের মধ্যে থাকুন।” নিরাপদ জায়গায় সরে গেলে পরিবারগুলিকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে। দেওয়া হবে দু’টি করে ফ্ল্যাট। শিফটিং বা জিনিসপত্র সরানোর পুরো খরচ বহন করবে রাজ্য সরকার।

   

ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য ২০০০টি ফ্ল্যাট তৈরি করা হয়েছে এবং আগামী দিনে আরও ৪০০০ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, এই সিদ্ধান্ত কারও উপর জোর করে চাপিয়ে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর আবেদন, “আমি কাউকে জোর করছি না, আবেদন করছি, নতুন করে ভাবুন। যদি বড় ধস নামে, হাজার হাজার মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে।”

ভোটার তালিকা নিয়ে বিজেপিকে তোপ

এদিন রানিগঞ্জের সভা থেকে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়েও বিজেপিকে কড়া আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বহু মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তিনি বলেন, “এক এক বুথে ৫০০ নাম থাকলে ৪০০ বাদ দেওয়া হচ্ছে। এটা কি মজা? একটা সীমা থাকে, কিন্তু বিজেপি সব সীমা পার করছে।”

ধর্মীয় সম্প্রীতির বার্তা

রাজনৈতিক তরজার পাশাপাশি এদিন সম্প্রীতির বার্তাও শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। “রামনবমী হোক বা দুর্গাপুজো, ইদ কিংবা বড়দিন, সব উৎসবই আমরা একসঙ্গে পালন করি। সব ধর্ম, সব সম্প্রদায়কে নিয়েই আমাদের সমাজ,” বলেন মুখ্যমন্ত্রী। সমাজ গঠনে সকলের অংশগ্রহণের উপর জোর দিয়ে তিনি যোগ করেন, “একটা আঙুল দিয়ে মুঠো হয় না। সবাইকে নিয়ে চললেই সমাজ এগোয়।”