বিশ্বজুড়ে খাদ্য-জ্বালানির হাহাকার, তবুও শক্ত হাতে লড়ছে দেশ’, ইরান যুদ্ধ নিয়ে বার্তা মোদীর

নয়ডা: উত্তরপ্রদেশের নয়ডায় বহু প্রতীক্ষিত জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর উন্নয়নের এই মেগা প্রজেক্টের উদ্বোধনী মঞ্চ থেকেই পশ্চিম এশিয়ার সঙ্কট এবং বিশ্বজুড়ে তার প্রভাব ...

By Moumita Biswas

Published:

Follow Us
PM Modi Jewar Airport inauguration

নয়ডা: উত্তরপ্রদেশের নয়ডায় বহু প্রতীক্ষিত জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর উন্নয়নের এই মেগা প্রজেক্টের উদ্বোধনী মঞ্চ থেকেই পশ্চিম এশিয়ার সঙ্কট এবং বিশ্বজুড়ে তার প্রভাব নিয়ে মুখ খুললেন তিনি। দেশের মানুষকে আশ্বস্ত করার পাশাপাশি, সঙ্কটের এই আবহে রাজনীতি না করার জন্য বিরোধীদের কড়া বার্তাও দিলেন প্রধানমন্ত্রী।

যুদ্ধে বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্যের হাহাকার

প্রধানমন্ত্রী বলেন, “গোটা বিশ্ব পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে নজর রাখছে। গত এক মাস ধরে সেখানে যুদ্ধ চলছে।” এই সংঘাতের জেরে বিশ্বজুড়ে কীভাবে খাদ্য, জ্বালানি গ্যাস এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর চরম সঙ্কট তৈরি হয়েছে, তা মনে করিয়ে দেন তিনি। মোদীর কথায়, “এই যুদ্ধের কারণে বহু দেশ আজ তীব্র সঙ্কটের মুখে। প্রতিটি সরকারই পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে।”

   

সুরক্ষিত ভারত ও ঐক্যের ডাক

বিশ্বজুড়ে আকাল চললেও ভারত যাতে এই যুদ্ধের আঁচ থেকে সুরক্ষিত থাকে, তার জন্য সরকার সবরকম পদক্ষেপ করছে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। তিনি দেশবাসীকে শান্ত, ধৈর্যশীল ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের দেশ নাগরিকদের শক্তিতে ভর করে এই সঙ্কটের মোকাবিলা করছে। সঙ্কটের এই সময়েও দেশের দ্রুত উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়নি।” এছাড়া, গতকালই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তাঁর একটি অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান মোদী।

‘রাজনীতির ঊর্ধ্বে দেশের স্বার্থ’

দেশের এই স্পর্শকাতর পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক দলগুলিকে দায়িত্বশীল হওয়ার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, “ভুল রাজনীতি করে রাজনৈতিক বিতর্কে হয়তো কিছু সুবিধা পাওয়া যায়, কিন্তু দেশের ক্ষতি হয় এমন কাজ দেশবাসী কখনও ক্ষমা করে না।” ভারত সরকারের নীতি ও কৌশল সর্বদাই দেশের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেয় বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি।

উন্নয়নের নতুন উড়ান জেওয়ার বিমানবন্দর

জেওয়ার বিমানবন্দরকে উত্তরপ্রদেশ তথা দেশের উন্নয়নের একটি ‘নতুন অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী। যে উত্তরপ্রদেশ তাঁকে সাংসদ হিসেবে নির্বাচিত করেছে, সেই রাজ্যের এই বিরাট পরিকাঠামোগত প্রকল্পের উদ্বোধনে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান, আগ্রা, মথুরা, আলিগড়, গাজিয়াবাদ, ইটাওয়া এবং বুলন্দশহরের মতো বিস্তীর্ণ অঞ্চল এই বিমানবন্দরের ফলে আর্থিকভাবে লাভবান হবে।

দ্বিতীয় মাসে ইরান যুদ্ধ

প্রসঙ্গ উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধ শনিবার দ্বিতীয় মাসে পড়ল। আমেরিকা ও ইজরায়েলের হামলার পালটা হিসেবে পশ্চিম এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্য পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। আর এর জেরেই গোটা বিশ্বে এই বেনজির জ্বালানি ও সরবরাহ সঙ্কট ঘনীভূত হয়েছে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google