৫০-৬০ কিমি বেগে কালবৈশাখীর দাপট? তিন জেলায় রেড অ্যালার্ট, ভিজবে কলকাতাও

rain with gusty winds likely to occur over some parts of west bengal

কলকাতা: উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়লেও, দক্ষিণবঙ্গে এখনও প্রাক-বর্ষার খামখেয়ালি মেজাজ। তবে রোদ-গরমের অস্বস্তি আপাতত অতীত। বৃহস্পতিবার দুপুর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় দক্ষিণবঙ্গের ৩ জেলায় জারি হয়েছে চূড়ান্ত লাল সতর্কতা (Red Alert)।

তিন জেলায় চরম সতর্কতা (Red Alert)

আবহাওয়া ভবন সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে পরবর্তী তিন ঘণ্টার জন্য বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে। এই তিন জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝোড়ো হাওয়া। পরিস্থিতির গুরুত্ব বিচার করে এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করেছে আলিপুর।

   

কলকাতা ও অন্যান্য জেলার আপডেট

বৃহস্পতিবার কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এই জেলাগুলি-সহ দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই আজ কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে।

শুক্রবারও দুর্যোগের হাত থেকে রেহাই মিলবে না। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৫০-৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকছে।

আগামী মঙ্গলবার পর্যন্ত দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলবে। আগামী সপ্তাহান্তে দুই ২৪ পরগনাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ কমলেও বিক্ষিপ্ত বর্ষণ চলবে।

টানা বৃষ্টির জেরে স্বস্তির খবর হলো, আগামী ৭ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ নতুন করে আর চড়বে না।

উত্তরবঙ্গে বর্ষার দাপট

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দাপট দেখাচ্ছে বর্ষা। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের আটটি জেলাতেই ৪০-৫০ কিমি বেগে ঝড় ও বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। সপ্তাহান্তে দার্জিলিঙেও মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।