কলকাতা: বাংলায় জ্বালানি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান এবং খননের জন্য অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC)-কে প্রয়োজনীয় পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন ও মাইনিং লিজ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিধানসভায় শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতরের বাজেট পেশ করতে গিয়ে এই ঘোষণা করেন শিল্পমন্ত্রী তাপস রায়।
মন্ত্রী জানান, Petroleum and Natural Gas Rules, 2025 অনুযায়ী ONGC-কে এমন একটি ব্লকে অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে, যার আয়তন ২,৮৭২.৬ বর্গকিলোমিটার। এই ব্লকটি মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে।
রাজ্যের আয় বাড়বে, মিলবে রয়্যালটি
শিল্পমন্ত্রী বলেন, এই প্রকল্পের জন্য রাজ্য সরকার কার্যকর হওয়া Revenue Sharing Contract অনুযায়ী রয়্যালটি এবং অন্যান্য রাজস্ব পাবে। এর ফলে ভবিষ্যতে রাজ্যের আয়ের নতুন উৎস তৈরি হবে বলে প্রশাসনের আশা।
এছাড়াও, উত্তর ২৪ পরগনার অশোকনগর ক্ষেত্রের (Ashoknagar Field) ONGC-র NELP Block (WB-ONN-2005/4)-এ বাণিজ্যিকভাবে অপরিশোধিত তেল (Crude Oil) এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য পেট্রোলিয়াম মাইনিং লিজ অনুমোদন করা হয়েছে। প্রায় ৯৯ বর্গকিলোমিটার এলাকায় এই প্রকল্প বাস্তবায়িত হবে।
বছরে প্রায় ১০৪ কোটি টাকার রয়্যালটির সম্ভাবনা
সরকারের হিসাব অনুযায়ী, অশোকনগর প্রকল্প চালু হলে রাজ্য সরকারের কোষাগারে প্রায় ১০৪ কোটি টাকা রয়্যালটি আসতে পারে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ ভারতের হাইড্রোকার্বন উৎপাদনকারী রাজ্যগুলির তালিকায় আরও গুরুত্বপূর্ণ জায়গা করে নিতে পারে।
এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, অশোকনগরে বাণিজ্যিক উৎপাদন শুরু হলে Bengal Basin-এর মর্যাদা Category III থেকে Category I-এ উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে Category III Basin বলতে এমন অববাহিকাকে বোঝায়, যেখানে হাইড্রোকার্বনের উপস্থিতি মিলেছে, কিন্তু বাণিজ্যিক উৎপাদনের প্রমাণ নেই। অন্যদিকে Category I Basin হলো এমন এলাকা, যেখানে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের সফল বাণিজ্যিক উৎপাদন প্রতিষ্ঠিত হয়েছে।
বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ
রাজ্য সরকারের মতে, এই দুই উদ্যোগ শুধু জ্বালানি নিরাপত্তা বাড়াবে না, বরং আপস্ট্রিম পেট্রোলিয়াম শিল্পে নতুন বিনিয়োগ আকর্ষণ করবে। পাশাপাশি অনুসন্ধান, উৎপাদন এবং সংশ্লিষ্ট শিল্পে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে।
গ্যাস পাইপলাইন প্রকল্পে ৫,৩২২ কোটি টাকার বিনিয়োগ
বিধানসভায় শিল্পমন্ত্রী আরও জানান, GAIL (India) Ltd বর্তমানে পশ্চিমবঙ্গে City Gas Distribution প্রকল্পের আওতায় ৭৯৮ কিলোমিটার গ্যাস পাইপলাইন বসানোর কাজ করছে। এই প্রকল্পে মোট ৫,৩২২ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে।
সরকারের আশা, এই গ্যাস অবকাঠামো তৈরি হলে রাজ্যে CNG-ভিত্তিক পরিবহণ ব্যবস্থা আরও দ্রুত সম্প্রসারিত হবে এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহারও বাড়বে।
বেআইনি খনন রুখতে আসছে Vehicle Location Tracking Device
শিল্পমন্ত্রী তাপস রায় জানান, রাজ্যে ক্ষুদ্র খনিজ পরিবহণে বেআইনি কার্যকলাপ রুখতে নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। খুব শিগগিরই খনিজ বহনকারী সমস্ত যানবাহনে Vehicle Location Tracking Device (VLTD) বসানো হবে।
এই ব্যবস্থার মাধ্যমে খনি এলাকা থেকে নির্ধারিত গন্তব্য পর্যন্ত খনিজবাহী যানবাহনের অবস্থান রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা যাবে। সরকারের মতে, এতে অননুমোদিত পরিবহণ কমবে, রাজস্ব ফাঁকি রোধ করা সহজ হবে এবং খনিজ পরিবহণ সংক্রান্ত নিয়ম মেনে চলা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।
Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা





