পারমিতা রায়, শিলিগুড়ি: আজ, সোমবার আনুষ্ঠানিকভাবে রাজ্যের পর্যটন দপ্তরের দায়িত্বভার গ্রহণ করলেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। নতুন দায়িত্ব গ্রহণের পরই পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান তিনি। তাঁর বক্তব্য, উত্তরবঙ্গ থেকে শুরু করে সমগ্র পশ্চিমবঙ্গের পর্যটন ব্যবস্থাকে আরও আধুনিক, আকর্ষণীয় এবং পর্যটক-বান্ধব করে তোলাই এখন প্রধান লক্ষ্য।
দায়িত্ব নেওয়ার পর শঙ্কর ঘোষ বলেন, রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হবে। পর্যটকদের সুবিধার্থে উন্নত যাতায়াত ব্যবস্থা, পর্যাপ্ত পরিষেবা এবং আধুনিক সুযোগ-সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজগঞ্জে তৈরি হোল্ডিং সেন্টারে ২৬ জন বাংলাদেশি নাগরিক, তুঙ্গে নিরাপত্তা ও নজরদারি
বিশেষ করে দার্জিলিং ও পাহাড়ি এলাকার দীর্ঘদিনের পর্যটন সংক্রান্ত সমস্যাগুলির সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। পাহাড়ে পর্যটনের অন্যতম বড় সমস্যা যানজট মোকাবিলার জন্য স্থায়ী সমাধানের দিকেও নজর দেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি পর্যটকদের যাতে কোনও রকম হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়েও প্রশাসনিক নজরদারি বাড়ানোর কথা বলেন।
শঙ্কর ঘোষ আরও জানান, রাজ্যের বিভিন্ন এলাকায় যত্রতত্র গড়ে ওঠা রিসর্ট ও পর্যটন কেন্দ্রগুলির উপর কড়া নজরদারি চালানো হবে। নতুন প্রকল্পের ক্ষেত্রে যথাযথ যাচাই ও পরিবেশগত ভারসাম্যের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। তাঁর কথায়, “পর্যটনের বিকাশের সঙ্গে পরিবেশ রক্ষার ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। তাই ইকো-ট্যুরিজমের উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”
মন্ত্রী মনে করেন, নতুন নতুন অফবিট পর্যটন কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে উত্তরবঙ্গ-সহ গোটা রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। এতে একদিকে যেমন পর্যটকের সংখ্যা বাড়বে, অন্যদিকে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। রাজ্যের অর্থনৈতিক উন্নয়নেও পর্যটন দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নতুন পর্যটনমন্ত্রীর এই ঘোষণার পর রাজ্যের পর্যটন শিল্পে নতুন গতি আসবে বলেই মনে করছে বিভিন্ন মহল।





