পারমিতা রায়, শিলিগুড়ি: বাংলাদেশে ওসমান হাদী খুনের ঘটনা এবং দেশের স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে ফের বিতর্কে জড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ দায়ের করেছেন শিলিগুড়ির বাসিন্দা এবং কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কি চ্যাটার্জি সিং (Rinki Chatterjee Singh)।
দ্বিতীয়বার অভিযোগ দায়ের
জানা গিয়েছে, এর আগেও গত ২৫ মে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে একই থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন রিঙ্কি চ্যাটার্জী সিং। এবার নতুন করে আরও একটি অভিযোগ জমা দিলেন তিনি।
অভিযোগে দাবি করা হয়েছে, বাংলাদেশে ওসমান হাদী খুনের ঘটনা নিয়ে মন্তব্য করার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী দেশের স্বরাষ্ট্র মন্ত্রক সম্পর্কেও বিতর্কিত মন্তব্য করেছেন।
থানার বাইরে আবেগপ্রবণ আইনজীবী
এদিন থানার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রিঙ্কি চ্যাটার্জী সিং। কান্নাজড়িত কণ্ঠে তিনি দাবি করেন, সনাতন ধর্ম এবং সাধারণ মানুষের স্বার্থে কথা বলতে গিয়ে তাঁকে বহুবার সমস্যার মুখে পড়তে হয়েছে।
তাঁর অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে একাধিকবার তাঁর উপর হামলার চেষ্টা হয়েছে। এমনকি তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
রিঙ্কি চ্যাটার্জী সিং আরও বলেন, “আমাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে কথা বলতে গিয়েই এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।”
পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন
আইনজীবীর অভিযোগ, সরকার পরিবর্তনের পরও সাধারণ মানুষের অভিযোগ গ্রহণের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
তিনি দাবি করেন, থানায় এফআইআর দায়ের করতে গিয়েও তাঁকে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। অভিযোগ গ্রহণে অনীহাও দেখানো হয়েছে বলে তাঁর দাবি।
এখনও প্রতিক্রিয়া নেই
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বা সংশ্লিষ্ট পক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাশাপাশি অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ নিয়েছে কিংবা তদন্ত কতদূর এগিয়েছে, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষক এবং সাধারণ মানুষের।




















