‘৪ মে বাংলায় ভাগোয়া হোলি হবে’! আলিপুরদুয়ার থেকে তৃণমূলকে উৎখাতের ডাক নবীনের

nitin naveen alipurduar rally

আলিপুরদুয়ার: রাজ্যে দু’দফার বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই ভোট উত্তরবঙ্গে। আর বিজেপির শক্ত ঘাঁটি সেই ডুয়ার্স ও চা বলয় থেকেই গোটা রাজ্যে পদ্ম ফোটানোর ডাক দিলেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বুধবার আলিপুরদুয়ারের সোনাপুরে এক মেগা জনসভা থেকে চাকরি দুর্নীতি, চা-বাগানের বেহাল দশা এবং এসআইআর (SIR) ইস্যুতে শাসকদল তৃণমূলকে তুলোধোনা করলেন তিনি। (nitin naveen alipurduar rally)

নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়ে এদিন নীতিন নবীন আশ্বাস দেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতিগ্রস্তদের কড়া শাস্তি হবে এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু হবে। তাঁর নিশানায় ছিল চা-বাগানের অর্থনীতিও। নীতিনের অভিযোগ, তৃণমূলের আমলে চা-বাগানের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছে। বিজেপি সরকার গড়লে অসমের মডেলে বাগানের পরিকাঠামো উন্নয়ন ও শ্রমিকদের দৈনিক বেতন বৃদ্ধির ঢালাও প্রতিশ্রুতি দেন তিনি।

   

রাজ্যের উন্নয়ন বোঝাতে বন্দে ভারত এবং অমৃত ভারত প্রকল্পের উদাহরণ টেনে আনেন বিজেপি সভাপতি। পাশাপাশি, ‘এসআইআর’ (SIR) ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তোপ দেগে তিনি বলেন, “অনুপ্রবেশকারীদের নাম কাটা যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি ছুটছেন, অথচ রাজ্যের মা-বোনেদের ওপর অত্যাচারে তিনি নীরব।” বিহারের উদাহরণ টেনে বাংলায় ‘জঙ্গলরাজ’ অবসানের ডাক দিয়ে তাঁর হুঙ্কার, “আগামী ৪ মে ফলপ্রকাশের দিন পশ্চিমবঙ্গে ভাগোয়া (গেরুয়া) হোলি হবে। দুই দফাতেই মানুষ বিজেপিকে ভোট দিয়ে এই সরকারকে বিদায় করবে।”