অষ্টম পে-কমিশনের গ্যারান্টি মোদীর! সরকারি কর্মীদের বড় বার্তা

জঙ্গিপুর: শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার আগেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড়সড় প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জঙ্গিপুরের নির্বাচনী প্রচার সভা থেকে তিনি ঘোষণা করেন, বাংলায় বিজেপি সরকার ...

By Moumita Biswas

Published:

Follow Us
modi Promise 8th pay commission

জঙ্গিপুর: শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার আগেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড়সড় প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জঙ্গিপুরের নির্বাচনী প্রচার সভা থেকে তিনি ঘোষণা করেন, বাংলায় বিজেপি সরকার গড়লে মাত্র ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশনের সুবিধা পাবেন সরকারি কর্মীরা। শুধু তাই নয়, ভবিষ্যতে বর্ধিত ডিএ এবং অষ্টম বেতন কমিশনের সুবিধাও তাঁদের দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিন রাজ্যের বেহাল অর্থনীতির কড়া সমালোচনা করে মোদী বলেন, ১৫ বছরের তৃণমূল শাসন বাংলাকে ক্রমশ পিছনের দিকে ঠেলে দিয়েছে। অন্যান্য রাজ্যের জিডিপি বাড়লেও বাংলার জিডিপি কমছে এবং রাজ্যের ঘাড়ে ৮ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা চেপেছে বলে তোপ দাগেন তিনি। নিয়োগ দুর্নীতি ইস্যুতে নাম না করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা করেন প্রধানমন্ত্রী। ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তৃণমূল বাংলার যুবসমাজকে চরমভাবে ঠকিয়েছে। তৃণমূলকে বামেদের ‘কার্বন কপি’ বলে কটাক্ষ করে মোদী বলেন, বাম আমলের সিন্ডিকেট এবং গুন্ডারাই এখন তৃণমূলে এসে হুমকির রাজনীতি কায়েম করেছে।

   

রাজ্যে তোষণের রাজনীতি শেষ করতে বাংলায় ইউসিসি (UCC) বা অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মহিলাদের ক্ষমতায়নে তাঁর প্রতিশ্রুতি, বিজেপি ক্ষমতায় এলে বাংলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে দেওয়া হবে এবং চাকরিতে তাঁদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ থাকবে। রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর আধুনিকীকরণের লক্ষ্যে বাংলায় নতুন এইমস (AIIMS), আইআইটি (IIT) এবং আইআইএম (IIM) তৈরির আশ্বাসও এদিন জঙ্গিপুরের সভা থেকে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google