কাটোয়া: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় মতুয়া ও নমঃশূদ্র সমাজে তৈরি হওয়া ক্ষোভের মাঝেই এবার বড়সড় আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বর্ধমানের কাটোয়ার জনসভা থেকে মতুয়াদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলেই সিএএ (CAA)-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কাজ দ্রুত গতি পাবে।
রাজ্যে স্পেশাল সামারি রিভিশন বা এসআইআর (SIR) পর্বে চূড়ান্ত ভোটার তালিকা এবং সাপ্লিমেন্টারি তালিকা থেকে বহু মতুয়া উদ্বাস্তুর নাম বাদ পড়েছে। এই পরিস্থিতিতে নিজেদের ভোটাধিকার নিয়ে তুমুল সংশয়ে রয়েছে ওই সম্প্রদায়, যা নিয়ে অস্বস্তিতে ছিল গেরুয়া শিবিরও। কারণ, বাদ পড়ারা আদৌ ভোট দিতে পারবেন কি না, সেই বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই আবহে মতুয়া ভোটব্যাঙ্কের ক্ষোভ প্রশমনে শনিবার আসরে নামেন খোদ প্রধানমন্ত্রী। কাটোয়ার মঞ্চ থেকে তিনি বলেন, “মতুয়া ও নমঃশূদ্র সমাজ তৃণমূলের কোনও নেতার কৃপায় নেই। মোদী সিএএ আইন বানিয়েছে যাতে আপনারা সাংবিধানিক অধিকার পান। এখানে বিজেপি সরকার গড়লেই আপনাদের নাগরিকত্ব দেওয়ার কাজ গতি পাবে।”
মতুয়াদের আশ্বাসের পাশাপাশি অনুপ্রবেশকারীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মোদী। তিনি স্পষ্ট জানান, রাজ্যে ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে এবং যারা তাদের ভুয়ো নথিপত্র বানিয়ে সরকারি সুবিধা পাইয়ে দিয়েছে, তাদেরও কড়ায়গণ্ডায় হিসাব নেওয়া হবে।
পাশাপাশি রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার গড়ার ডাক দিয়ে মোদী প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই বাংলায় ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালু করা হবে। তৃণমূলের বাধায় রাজ্যের মানুষ ‘পিএম বিশ্বকর্মা’ প্রকল্পের সুবিধাও পাননি বলে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, সরকার গড়লেই সমস্ত আটকে থাকা কেন্দ্রীয় প্রকল্প এরাজ্যে দ্রুত কার্যকর করা হবে।




















