সল্টলেক আনন্দলোক হাসপাতালে বিধ্বংসী আগুন

কলকাতা: মঙ্গলবার সাতসকালে অগ্নিকাণ্ড৷আমরি স্মৃতি উসকে দিল ‘আনন্দলোক হাসপাতাল’৷ করুণাময়ী সংলগ্ন নামী স্বাস্থ্যকেন্দ্র ‘আনন্দলোক হাসপাতাল’-এ ভয়াবহ আগুন লাগে। নিমেষের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতাল চত্বর, যার জেরে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়।

কীভাবে ছড়াল আগুন? Kolkata Hospital Fire

প্রাথমিক সূত্রে খবর, এদিন সকালে হাসপাতালের দোতলা থেকে প্রথমে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বেরোতে দেখা যায়। আবদ্ধ জায়গা হওয়ায় মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় ভরে যায় হাসপাতালের ভেতরের বিভিন্ন ওয়ার্ড ও করিডর। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। পুলিশের প্রাথমিক অনুমান, হাসপাতালের এসি-তে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে হাসপাতালের দোতলায় থাকা অপারেশন থিয়েটারের (OT) একাংশে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে প্রশাসন।

   

যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ ও বর্তমান পরিস্থিতি

আগুন ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়তেই চরম আতঙ্ক তৈরি হয় হাসপাতাল চত্বরে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়৷ আগুন লাগার পরপরই হাসপাতালের কর্মী এবং স্থানীয়রা মিলে দোতলা ও তিনতলায় ভর্তি থাকা রোগীদের উদ্ধারে হাত লাগান। প্রায় ১০০ জন রোগীকে নিরাপদে বের করে আনন্দলোক হাসপাতালেরই অন্য একটি ভবনে সরিয়ে নেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সমস্ত রোগী সুরক্ষিত রয়েছেন এবং এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। দমকলের দু’টি ইঞ্জিন একটানা কাজ করার পর সকাল ১১টা নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকমতো কাজ করছিল কি না এবং পরিকাঠামোগত কোনও ত্রুটি ছিল কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।