কৃষ্ণনগর: বাংলায় যখন প্রথম দফার ভোটগ্রহণ চলছে, ঠিক তখনই নির্বাচন কমিশনের ভূমিকায় দরাজ সার্টিফিকেট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কৃষ্ণনগরের জনসভা থেকে তিনি দাবি করেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে গত ৫০ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে এত কম হিংসার নির্বাচন তিনি আগে দেখেননি। এই কৃতিত্বের জন্য সরাসরি নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। (Modi Least Violence Claim Bengal)
এদিন সভা থেকে প্রথম দফার ভোটারদের উদ্দেশে মোদী বলেন, “আজ বাংলায় প্রথম দফার ভোট চলছে। আমি প্রত্যেক ভোটারকে অভিনন্দন জানাচ্ছি। সকলে মিলে গণতন্ত্রের এই মহোৎসব পালন করুন।” এর পরেই তিনি রাজ্যের বিগত নির্বাচনের পরিস্থিতির সঙ্গে বর্তমানের তুলনা টেনে আনেন। মোদী বলেন, “আমি যত দিন রাজনীতিতে এসেছি, তার ভিত্তিতে বলতে পারি গত ৫০ বছরে প্রথম এমন নির্বাচন হচ্ছে, যেখানে সবচেয়ে কম হিংসার ঘটনা ঘটছে।”
এখানেই না থেমে শাসকদলের আমলের পুরনো স্মৃতি উসকে দিয়ে মোদী যোগ করেন, “আগে তো লোককে ফাঁসিতে ঝুলিয়ে বলত আত্মহত্যা করেছে। আজ সেই পরিবেশ বদলেছে।” প্রথম দফার ভোটে এখনও পর্যন্ত বড় কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটা এবং মানুষ নির্ভয়ে বুথে আসার জন্য নির্বাচন কমিশনের প্রশাসনিক তৎপরতাকেই বাহবা দিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, ভোট চলাকালীন মোদীর এই মন্তব্য আসলে বিরোধীদের ‘সন্ত্রাস’ তত্ত্বকে ভোঁতা করার পাশাপাশি কমিশনের ওপর ভোটারদের আস্থা বাড়ানোর একটি কৌশল।




















