দুয়ারে আসবেন জনগণনা কর্মীরা, ৩৪টি প্রশ্নে উঠে আসবে পরিবারের সম্পূর্ণ তথ্য

পশ্চিমবঙ্গে ভোটপর্ব শেষ হতেই মেট্রো স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনগণনা ২০২৭ সংক্রান্ত প্রচারমূলক গান ও বার্তা শোনা যেতে শুরু করেছে। এর মধ্যেই দেশে নরেন্দ্র মোদী…

India’s Census Drive Begins in August: 34 Questions to Capture Family, Housing and Asset Details

পশ্চিমবঙ্গে ভোটপর্ব শেষ হতেই মেট্রো স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনগণনা ২০২৭ সংক্রান্ত প্রচারমূলক গান ও বার্তা শোনা যেতে শুরু করেছে। এর মধ্যেই দেশে নরেন্দ্র মোদী সরকারের আমলে প্রথম পূর্ণাঙ্গ জনগণনার প্রস্তুতিও শুরু হয়েছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন ব্লকে গণনাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। তাঁদের শেখানো হচ্ছে জনগণনার নিয়ম, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক।

প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, আগামী অগস্ট মাস থেকেই জনগণনার প্রাথমিক কাজ শুরু হবে। এই প্রাথমিক পর্যায়টি মূলত দুটি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে ১ অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত চলবে ‘সেল্ফ এনিউমারেশন’ বা স্বগণনা প্রক্রিয়া। এই সময়ে দেশের নাগরিকরা নির্দিষ্ট অনলাইন পোর্টালে নিজেদের পরিবার সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য নিজেরাই জমা দিতে পারবেন।

স্বগণনা প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে শুধু নাগরিকদের দায়িত্বেই এই কাজ সীমাবদ্ধ থাকবে না। গণনাকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। প্রশিক্ষণে তাঁদের জানানো হচ্ছে, দায়িত্বপ্রাপ্ত এলাকায় গিয়ে বাড়ি ও পরিবারের সংখ্যা নির্ধারণ, প্রাথমিক তথ্য সংগ্রহ এবং সাধারণ মানুষকে অনলাইন ফর্ম পূরণে সাহায্য করতে হবে।

এর পর দ্বিতীয় ধাপে, অর্থাৎ ১৬ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত গণনাকর্মীরা বাড়ি-বাড়ি গিয়ে জমা দেওয়া তথ্য যাচাই করবেন। যাঁরা স্বগণনা প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না বা কোনো সমস্যার মুখোমুখি হবেন, তাঁদের ক্ষেত্রেও গণনাকর্মীরা প্রয়োজনীয় সহায়তা করবেন।

প্রাথমিক পর্যায়ের কাজ শেষ হওয়ার পরে আগামী বছর ফেব্রুয়ারি মাসজুড়ে চলবে জনগণনার মূল পর্ব। এই সময়ে প্রতিটি গণনাকর্মীকে নির্দিষ্ট সংখ্যক বাড়িতে গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। সাধারণভাবে একজন গণনাকর্মীর দায়িত্বে প্রায় ১৫০ থেকে ১৮০টি বাড়ির তথ্য সংগ্রহের কাজ থাকতে পারে। পাশাপাশি সঠিক এলাকার মানচিত্র তৈরির জন্য স্যাটেলাইট ইমেজের সাহায্যে ম্যাপিংয়ের কাজও করা হবে।

এই জনগণনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল অনলাইন ব্যবস্থার ব্যবহার। স্বগণনা পদ্ধতিতে নাগরিকদের একটি নির্দিষ্ট পোর্টালে গিয়ে পরিবারের তথ্য জমা দিতে হবে। ফর্ম পূরণ সম্পন্ন হওয়ার পরে যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে।