নওদায় হুমায়ুনকে ‘গো ব্যাক’ স্লোগান! গাড়ি আটকে বিক্ষোভ তৃণমূলের

মুর্শিদাবাদ: ভোটের দিন সকালে ফের উত্তপ্ত মুর্শিদাবাদের নওদা। এবার আমজনতা উন্নয়ন পার্টির নেতা তথা ওই কেন্দ্রের প্রার্থী হুমায়ুন কবীরকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল শাসকদলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ...

By Moumita Biswas

Published:

Follow Us
Humayun Kabir Naoda Protest

মুর্শিদাবাদ: ভোটের দিন সকালে ফের উত্তপ্ত মুর্শিদাবাদের নওদা। এবার আমজনতা উন্নয়ন পার্টির নেতা তথা ওই কেন্দ্রের প্রার্থী হুমায়ুন কবীরকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল শাসকদলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার নওদা থানা এলাকার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার পাশাপাশি তাঁর গাড়িও আটকে দেওয়া হয়। (Humayun Kabir Naoda Protest)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে শিবনগরের ওই বুথে পৌঁছন হুমায়ুন কবীর। অভিযোগ, সেখানে পৌঁছনো মাত্রই স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি হাবিব শেখের নেতৃত্বে শাসকদলের একদল কর্মী-সমর্থক তাঁকে ঘিরে ধরেন। বুথের সামনেই শুরু হয় তুমুল বিক্ষোভ। হুমায়ুনকে দেখে ক্রমাগত ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। এমনকী, তাঁকে প্রকাশ্যে ‘বিজেপির দালাল’ বলেও স্লোগান দেওয়া হয়।

   

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, বিক্ষোভকারীরা আমজনতা উন্নয়ন পার্টির নেতার গাড়ি চারপাশ থেকে ঘিরে ধরে আটকে রাখেন। এই আকস্মিক ঘটনাকে কেন্দ্র করে বুথ চত্বরে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কড়া পাহারায় মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সব মিলিয়ে, প্রথম দফার ভোটগ্রহণের দিন নওদার এই ঘটনা এলাকার রাজনৈতিক উত্তাপ আরও বেশ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google