শিলিগুড়ি ও কলকাতা: শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট নিয়ে যে ধন্দ তৈরি হয়েছিল, তার জট খুলতে শুরু করেছে। তদন্তে জানা গিয়েছে, মধ্যমগ্রামে ঘাতকরা যে নম্বর প্লেটটি ব্যবহার করেছিল সেটি সম্পূর্ণ ভুয়ো। ওই নম্বরের আসল গাড়ি এবং তার মালিকের খোঁজ মিলেছে শিলিগুড়িতে। (Fake number plate in Chandranath Rath murder)
কে এই গাড়ির মালিক?
শিলিগুড়ির মাটিগাড়া এলাকার বাসিন্দা উইলিয়াম জোসেফের নামে ওই নম্বরটি নথিভুক্ত রয়েছে। বুধবার গভীর রাতেই কলকাতা থেকে ফোন যায় তাঁর কাছে। জোসেফ জানান, “রাত ১২টা নাগাদ পুলিশ ফোন করে আমার এবং আমার গাড়ির অবস্থান জানতে চায়। জানানো হয়, আমার গাড়ির নম্বর ব্যবহার করে কলকাতায় একটি খুন হয়েছে।” খবর পেয়েই শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ জোসেফের বাড়ি গিয়ে গাড়ি ও তার চেসিস নম্বর খতিয়ে দেখে।
OLX থেকে নম্বর চুরি?
কিন্তু শিলিগুড়ির গাড়ির নম্বর কলকাতায় পৌঁছল কী করে? উইলিয়াম জোসেফ তদন্তকারীদের জানিয়েছেন, দিন পনেরো আগে তিনি নিজের গাড়িটি বিক্রি করার জন্য অনলাইন প্ল্যাটফর্ম ‘OLX’-এ বিজ্ঞাপন দিয়েছিলেন। প্রাথমিক অনুমান, সেই বিজ্ঞাপন থেকেই গাড়ির নম্বর সংগ্রহ করে ঘাতকরা ভুয়ো প্লেট তৈরি করেছিল।
তদন্তে আরও অগ্রগতি
পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনায় ব্যবহৃত একটি মোটরবাইক ইতিমধ্যেই কলকাতা থেকে উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক গাড়িটি এখনও নিখোঁজ। শিলিগুড়ির ওই গাড়ি মালিককে আপাতত ছেড়ে দেওয়া হলেও প্রয়োজনে তাঁকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। শুভেন্দুর ছায়াসঙ্গীর এই ‘টার্গেট কিলিং’-এ শিলিগুড়ি যোগ এবং অনলাইন পোর্টাল থেকে তথ্য চুরির তত্ত্বটি তদন্তকারীদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে।




















