কলকাতা: প্রথম দফার মেগা ভোটের শুরুতেই রাজ্যের একাধিক প্রান্ত থেকে আসতে শুরু করেছে ইভিএম (EVM) এবং সিসিটিভি বিকল হওয়ার ভুরি ভুরি অভিযোগ। কোথাও ভোটদান ব্যাহত হচ্ছে, তো কোথাও আবার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ ভোটাররা। আর এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর সংক্ষিপ্ত আশ্বাস, “সব ঠিক হয়ে যাবে।” বৃহস্পতিবার সকাল ৯টার কিছু আগেই নিজের দফতরে পৌঁছন মনোজ। ভিতরে ঢোকার মুখেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
কোথায় কী অভিযোগ এবং সিইও-র কী প্রতিক্রিয়া?
মালদহের মোথাবাড়িতে ইভিএম খারাপ থাকায় দেড় ঘণ্টা কেটে গেলেও ভোটগ্রহণই শুরু করা যায়নি বলে গুরুতর অভিযোগ উঠেছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ধৈর্যের বাঁধ ভাঙে ভোটারদের। ক্ষুব্ধ জনতা একটি বুথের সেক্টর অফিসারকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। এই অচলাবস্থা প্রসঙ্গে সিইও জানিয়েছেন, কমিশনের প্রতিনিধিরা ইতিমধ্যেই সেখানে কড়া পদক্ষেপ করছেন।
প্রথম দফার সকালে রাজ্যের বেশ কিছু বুথে ইভিএমের পাশাপাশি সিসি ক্যামেরাও কাজ না করার অভিযোগ উঠেছে। এই প্রযুক্তিগত ত্রুটি প্রসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্বিকার দাবি, “হ্যাঁ, খবর এসেছে। সেটা ঠিক হয়ে যাবে।”
বোমাবাজির ঘটনা নিয়েও প্রতিক্রিয়া CEO Manoj Agarwal reacts to EVM and CCTV
অন্যদিকে, মুর্শিদাবাদের নওদায় ভোটকেন্দ্রের কাছে রাতের অন্ধকারে বোমাবাজির ঘটনা নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। মনোজ আগরওয়ালের কথায়, “হ্যাঁ, খবর পেয়েছি। খানিকটা দূরে ঘটেছে। কড়া পদক্ষেপ করা হবে।”
সব মিলিয়ে প্রথম দফার ভোটগ্রহণের শুরুতেই বিক্ষিপ্ত কিছু অশান্তি, বিক্ষোভ এবং প্রযুক্তিগত ত্রুটি সামাল দিতে কার্যত কড়া পরীক্ষাতেই পড়তে হচ্ছে নির্বাচন কমিশনকে। এখন সিইও-র আশ্বাস মতো পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয়, সেটাই দেখার।



