সাখাওয়াত মেমোরিয়ালে ধুন্ধুমার: তৃণমূলের জমায়েতে বিজেপির ‘হামলা’, ভাঙল চেয়ার

কলকাতা: ভবানীপুরের সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রের সামনে চরম উত্তেজনা। তৃণমূলের জমায়েতস্থলে ঢুকে চেয়ার ভাঙচুর এবং অশান্তি ছড়ানোর অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। সোমবার দুপুরে গণনার ট্রেন্ড বিজেপির পক্ষে ...

By Moumita Biswas

Published:

Follow Us

কলকাতা: ভবানীপুরের সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রের সামনে চরম উত্তেজনা। তৃণমূলের জমায়েতস্থলে ঢুকে চেয়ার ভাঙচুর এবং অশান্তি ছড়ানোর অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। সোমবার দুপুরে গণনার ট্রেন্ড বিজেপির পক্ষে যেতেই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে এজেসি বোস রোড সংলগ্ন এই এলাকায়।

ঠিক কী ঘটেছে?

সকাল থেকেই সাখাওয়াত মেমোরিয়ালের সামনে রাস্তার ওপর চেয়ার পেতে বসেছিলেন তৃণমূল কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন দলের প্রবীণ নেতা সুব্রত বক্সীও। পুলিশ বারবার তাঁদের জমায়েত সরিয়ে নিতে বললেও তাঁরা সরেননি। এরই মধ্যে এজেসি বোস রোড ধরে মিছিল করে আসতে শুরু করেন একদল বিজেপি সমর্থক। পুলিশের ব্যারিকেড ও বাধা টপকে তাঁরা সরাসরি তৃণমূলের জমায়েতস্থলে পৌঁছে যান। অভিযোগ, সেখানে থাকা চেয়ারগুলো ভাঙচুর করেন বিজেপি কর্মীরা।

   

বিজেপি সমর্থকদের পাল্টা যুক্তি

কেন এই হামলা? ঘটনাস্থলে উপস্থিত এক বিজেপি সমর্থক ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘‘তৃণমূল আমাদের ওপর অনেক শোষণ করেছে। ২০২১ এবং ২০২৪-এ ওদের জন্য আমাদের কর্মীরা বাড়িছাড়া হয়েছে। তাছাড়া গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ওরা নিয়ম ভেঙে জমায়েত করেছিল। বাংলার মানুষের কোনও উন্নয়ন না করে শুধু লুটেছে। আমরা আর এসব করতে দেব না।’’

উত্তপ্ত এজেসি বোস রোড

এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়ায়। সুব্রত বক্সী-সহ তৃণমূল কর্মীরা এই হামলার তীব্র নিন্দা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গণনাকেন্দ্রের এত কাছে কীভাবে দুই পক্ষ মুখোমুখি হলো এবং পুলিশ কেন আগেভাগে জনতাকে সরাতে পারল না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

 

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google