‘বাংলায় বাবরি হবে না!’ হুমায়ুন ইস্যুতে মমতা-অভিষেককে তোপ শাহের

কলকাতা: নির্বাচনী আবহে ফের সরগরম বঙ্গ রাজনীতি। এবার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ শানালেন কেন্দ্রীয়…

Amit Shah Babri Masjid Remark

কলকাতা: নির্বাচনী আবহে ফের সরগরম বঙ্গ রাজনীতি। এবার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, বাংলার মাটিতে কোনওভাবেই ‘বাবরি মসজিদ’ তৈরি হতে দেবে না গেরুয়া শিবির।

সম্প্রতি একটি নির্বাচনী জনসভা থেকে তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “হুমায়ুন কবীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের চ্যালা।” তৃণমূল নেতার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য এবং কার্যকলাপের প্রসঙ্গ টেনে এনে শাহ সরাসরি অভিযোগ করেন যে, রাজ্যের শাসক দল পরিকল্পিতভাবে মেরুকরণের রাজনীতি করছে। তিনি বলেন, “মমতাদি নিজের পার্টি থেকে ওকে বার করে দিয়ে বাবরি মসজিদ বানাতে চান।”

   

এরপরই মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন শাহ। তীব্র আক্রমণাত্মক মেজাজে তিনি বলেন, “এখানকার মাটিতে বাবরি মসজিদ হবে না, এটা কান খুলে শুনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।”

রাজনৈতিক মহলের মতে, মুর্শিদাবাদ-সহ সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে হুমায়ুন কবীর অত্যন্ত পরিচিত মুখ। তাঁর বিরুদ্ধে তোপ দেগে মেরুকরণের রাজনীতিকে হাতিয়ার করেই হিন্দু ভোটব্যাঙ্ককে একজোট করতে চাইছে বিজেপি। নির্বাচনের প্রাক্কালে শাহের এই ‘বাবরি মসজিদ’ মন্তব্য বাংলার রাজনৈতিক পারদকে আরও কয়েক গুণ চড়িয়ে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।