তৃণমূলের হাত ধরে ইতিহাস! দেশের প্রথম LGBTQ সাংসদ হওয়ার পথে মেনকা গুরুস্বামী

AITC Rajya Sabha Candidates

কলকাতা: লোকসভা ভোটের আবহে এবার রাজ্যসভা নির্বাচনেও বড়সড় চমক দিল ঘাসফুল শিবির। শুক্রবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (AITC) পক্ষ থেকে আগামী রাজ্যসভা নির্বাচনের জন্য চার হেভিওয়েট প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় যেমন রয়েছেন গ্ল্যামার দুনিয়ার কোয়েল মল্লিক, তেমনই রয়েছেন সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী মেনকা গুরুস্বামী। এছাড়াও প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমার এবং বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয়।

গ্ল্যামার ও মেধার মিশেল

তৃণমূলের এবারের প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক টলিউড কুইন কোয়েল মল্লিক। রঞ্জিত-কন্যাকে সংসদীয় রাজনীতিতে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় যে বড়সড় মাস্টারস্ট্রোক দিলেন, তা বলাই বাহুল্য। অন্যদিকে, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মেনকা গুরুস্বামীকে প্রার্থী করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সংবিধান বিশেষজ্ঞ মেনকা সমকামিতাকে অপরাধমুক্ত করার (৩৭৭ ধারা বাতিলের লড়াই) অন্যতম কাণ্ডারি ছিলেন। তিনি জয়ী হলে ভারতের সংসদীয় ইতিহাসে প্রথমবার কোনো স্বঘোষিত এলজিবিটিকিউ (LGBTQ) সদস্য উচ্চকক্ষে পা রাখবেন।

   

প্রশাসনিক অভিজ্ঞতায় ভরসা AITC Rajya Sabha Candidates

তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তন ডিজিপি তথা বর্তমান তথ্যপ্রযুক্তি সচিব রাজীব কুমারের। প্রশাসনিক স্তরে দীর্ঘদিন দক্ষতার সঙ্গে কাজ করার পুরস্কার হিসেবে তাঁকে দিল্লির দরবারে পাঠাতে চাইছে তৃণমূল। পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের বর্তমান ক্যাবিনেট মন্ত্রী বাবুল সুপ্রিয়কেও রাজ্যসভার টিকিট দেওয়া হয়েছে।

পাটিগণিতের হিসেব

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৫টি আসন খালি হতে চলেছে ২০২৬-এ। বিধানসভার বর্তমান পাটিগণিত অনুযায়ী, এই ৫টি আসনের মধ্যে ৪টিতে তৃণমূলের জয় নিশ্চিত। বাকি একটি আসন যেতে পারে বিরোধী দল বিজেপির ঝুলিতে। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যের খালি হওয়া এই আসনগুলিতে ভোটগ্রহণ হবে আগামী ১৬ মার্চ।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী এবং কোয়েল মল্লিকের নাম ঘোষণা করতে পেরে আনন্দিত। আমরা আশা করি তাঁরা তৃণমূলের লড়াইয়ের ঐতিহ্য এবং প্রতিটি ভারতীয়র মর্যাদা রক্ষার প্রতিশ্রুতিকে এগিয়ে নিয়ে যাবেন।”