
কলকাতা: রাজ্য রাজনীতিতে ফের শোকের ছায়া। প্রয়াত মালদহ দক্ষিণের প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা বর্ষীয়ান রাজনীতিক আবু হাসেম খান চৌধুরী, যিনি রাজনৈতিক মহলে ‘ডালুবাবু’ নামেই সমধিক পরিচিত। বুধবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘ দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। বর্তমানে তাঁর পুত্র ঈশা খান চৌধুরী এই মালদহ দক্ষিণ কেন্দ্রেরই কংগ্রেস সাংসদ। (Abu Hasem Khan Chowdhury passes away)
দীর্ঘদিন দাদা গনিখান চৌধুরীর রাজনৈতিক সহকারী হিসেবে কাজ করা ডালুবাবু ১৯৯৬ ও ২০০১ সালে কালিয়াচক থেকে বিধায়ক নির্বাচিত হন। ২০০৬ সালে বিধানসভা ভোটের ঠিক আগেই গনিখানের প্রয়াণ ঘটে। দাদার মৃত্যুর পর উপনির্বাচনে জিতে প্রথমবার সাংসদ হন ডালুবাবু। এরপর ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মালদহ দক্ষিণ থেকে টানা জয়লাভ করেন তিনি। ২০১২-১৪ সালে দ্বিতীয় ইউপিএ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন।
বর্ষীয়ান নেতার প্রয়াণে শোকপ্রকাশ করে কংগ্রেস নেতা অধীর চৌধুরী সমাজমাধ্যমে লেখেন, “ডালুদার প্রয়াণ আমার কাছে চরম আঘাত। হৃদয়ের খুব কাছের এক জনকে হারালাম।” প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, প্রিয় ডালুবাবুর প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার রাজ্যের সমস্ত কংগ্রেস কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

