কলকাতা: নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ওপর চাপ যেন কিছুতেই কমছে না। সোমবার সিজিও কমপ্লেক্সে টানা ১১ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বেশ কিছু নতুন নথিপত্র চেয়ে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
অসহযোগিতার অভিযোগ ইডি-র
ইডি সূত্রের খবর, সোমবারের দীর্ঘ জেরা পর্বে একাধিক প্রশ্নের সদুত্তর এড়িয়ে গিয়েছেন তৃণমূল সেনাপতি। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদ পর্বে তিনি পুরোপুরি সহযোগিতা করেননি। এই মুহূর্তে তাঁকে ফের তলব করা না হলেও, ভবিষ্যতে আবার ডাক পড়ার জোরালো সম্ভাবনা জিইয়ে রাখছেন আধিকারিকরা। আপাতত তাঁর সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু আনকোরা নথিপত্র জমা দিতে বলা হয়েছে, যা আগের দফায় দেওয়া হয়নি। তবে এই সমস্ত নথি জমা করার জন্য তাঁকে সশরীরে হাজিরা দিতে হবে না, আইনজীবী বা প্রতিনিধির মাধ্যমেও তা ইডি দফতরে পাঠানো যাবে।
জোড়া জেরার মুখে অভিষেক
উল্লেখ্য, পরপর দু’দিন জোড়া তদন্তকারী সংস্থার জেরার মুখে চরম ব্যস্ততার মধ্যে কেটেছে অভিষেকের। রবিবার বিধানসভায় সই জাল কাণ্ডে ভবানী ভবনে সিআইডি-র (CID) প্রশ্নের মুখে সাড়ে আট ঘণ্টা কাটান তিনি। এরপর সোমবার সিজিও কমপ্লেক্সে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে ইডি-র জেরা।
তবে সিজিও থেকে বেরিয়ে অভিষেক সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, “এই নির্দিষ্ট মামলায় আমাকে শেষবার ডাকা হয়েছিল ২০২৩ সালে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১০-১২ বার আমি কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি হয়েছি এবং আমার সামর্থ্য অনুযায়ী তদন্তে সবরকম সাহায্য করেছি।”



