সরকারি লোগো লাগানো চালের বস্তা উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য (Nadia) ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর এলাকায়। ফুলিয়া প্রফুল্লনগর এলাকার ১২ নম্বর জাতীয় সড়কের পাশে একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪০ বস্তা সরকারি লোগোযুক্ত রেশনের চাল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এই বিপুল পরিমাণ চাল কীভাবে সেখানে এল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,(Nadia) সোমবার সকালে এলাকার বাসিন্দারা ঘুম থেকে উঠে দেখতে পান, রাস্তার পাশে নোংরা আবর্জনার মধ্যে বেশ কয়েকটি চালের বস্তা পড়ে রয়েছে। প্রথমে বিষয়টি সাধারণ মনে হলেও পরে বস্তাগুলিতে সরকারি লোগো দেখতে পান তাঁরা। এরপরই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হন বহু মানুষ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, (Nadia) উদ্ধার হওয়া চালের বস্তাগুলির গায়ে সরকারি চিহ্ন রয়েছে। তাঁদের আশঙ্কা, এই চাল হয়তো সরকারি রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারে। তবে এই চাল সেখানে কে বা কারা ফেলে রেখে গিয়েছে, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ গিয়ে চালের বস্তাগুলি উদ্ধার করে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে। চালগুলি কোথা থেকে এসেছে, কোন এলাকার জন্য বরাদ্দ ছিল এবং কীভাবে তা পরিত্যক্ত জায়গায় এসে পৌঁছল এই সমস্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
এলাকাবাসীদের একাংশের (Nadia) অভিযোগ, সরকারি খাদ্যসামগ্রী নিয়ে এর আগেও নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। তাই এই ঘটনার পিছনে কোনও দুর্নীতি বা পাচারের যোগ রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন বলে দাবি করেছেন তাঁরা।
অন্যদিকে, প্রশাসনের তরফে এখনও পর্যন্ত চালগুলি নিয়ে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। উদ্ধার হওয়া চালের নমুনা পরীক্ষা করা হতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি, চালের বস্তাগুলির চিহ্ন এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে এর উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।





