বর্তমানে ময়দান জুড়ে শোকের ছায়া। গত মঙ্গলবার রাতে প্রয়াত হয়েছেন স্বপনসাধন বসু। (Tutu Bose)শহর জুড়ে টুটু বসু নামেই অধিক পরিচিত ছিলেন এই বাগানের এই প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট ব্যবসায়ী। বলা যায় মোহনবাগান ক্লাবে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল তাঁর হাত ধরেই। একের পর এক দাপুটে ফুটবলারদের দলে টানার পাশাপাশি দুঃসময়ে একক দক্ষতায় ক্লাব এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি। সবকিছু মাথায় রেখেই গতবার টুটু বসুকে মোহনবাগান রত্নে সম্মানিত করেছিল ক্লাব কর্তৃপক্ষ। তবে এই সপ্তাহের শুরু থেকেই প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
সেজন্য সপ্তাহের প্রথম দিনেই বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করেছিল পরিবার। অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকায় চিন্তার ছিল সকলেই। কিন্তু মঙ্গলবার গভীররাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যারফলে শোকের ছায়া নেমে আসে গোটা ময়দান জুড়ে। এবার সেই নিয়েই বিশেষ পোস্ট করতে দেখা যায় বাগানের প্রাক্তন তারকা সনি নর্দেকে। নিজের সোশ্যাল সাইটে টুটু বসুর সঙ্গে ছবি আপলোড করে তিনি লেখেন, ‘আজ আমি এমন একজন মানুষকে বিদায় জানাচ্ছি, যিনি মোহনবাগানের সাথে আমার যাত্রাপথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন।’
আরও দেখুনঃ এবার থেকে ৩ হাজার! অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কী ভাবে আবেদন করবেন?
আরও লেখেন, ‘ক্লাবে আমার পুরো সময় জুড়ে আপনার পরামর্শ, বিশ্বাস এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আপনি আমাকে যে সম্মান ও সদয়তা দেখিয়েছেন, তা আমি সর্বদা মনে রাখব। আপনি একজন সভাপতির চেয়েও বেশি কিছু ছিলেন। আপনি ছিলেন একজন প্রকৃত নেতা এবং একজন মহান মানুষ। আপনার পরিবার এবং মোহনবাগানের সকলের প্রতি আমার গভীর সমবেদনা।
শান্তিতে থাকুন, স্যার।’ পাশাপাশি ব্রাজিলিয়ান তারকা ডগলাস সিলভা লেখেন, ‘ টুম্পাই, সত্যি বলতে আমি জানি না কিভাবে আমি এখন যা অনুভব করছি তা প্রকাশ করতে হয়। তোমাকে সমবেদনা জানানোর মত শব্দ আমার কাছে নেই। একজন বাবা একজন মহান পথপ্রদর্শক, জীবনের একজন প্রকৃত পথপ্রদর্শক। দয়া করে এই কঠিন সময়ে শক্ত থাকুন, আপনার চারপাশের সবার খেয়াল রাখুন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেরও খেয়াল রাখুন।’
সৃঞ্জয় বসুর উদ্দেশ্যে আরও লেখেন, ‘ অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। টুটু বোস ও আমার কাছে নানা দিক থেকেই একজন পিতা ছিলেন। আমি কলকাতা থেকে এখন অনেক দূরে, কিন্তু যখন থেকে খবরটা শুনলাম, মনটা খুব খারাপ হয়ে গেছে। আমি শান্তি অনুভব করতে পারিনি। আমি সত্যিই জানি না আর কি বলতে হবে। দয়া করে আপনার এবং আপনার শোক সন্তপ্ত পরিবারের জন্য আমার বিনম্র সমবেদনা গ্রহণ করুন। বিগ বস টুটু বোস চিরশান্তিতে থাকুন।’




















