কলকাতা: চৈত্র মাস মানেই গরমের তীব্রতা৷ এই চেনা ধারণা এ বছর ভেঙে দিয়েছে রাজ্যের আবহাওয়া৷ দফায় দফায় ঝড়বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং মেঘলা আকাশের কারণে রাজ্যজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গিয়ে তৈরি হয়েছে শীতল ও আরামদায়ক পরিবেশ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই স্বস্তির আবহাওয়া সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত থাকলেও, সপ্তাহান্তে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
সোমবার থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম রয়েছে৷ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি কম৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় প্রায় ৭ ডিগ্রি কম রয়েছে৷ রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস৷
মঙ্গলবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে৷ কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে৷ বুধবার পর্যন্ত আবহাওয়া তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে৷
শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ কিছু জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে৷ বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া এবং দুই বর্ধমান জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে৷
দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ পার্বত্য এলাকায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে৷ বুধবার ও বৃহস্পতিবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে৷ কলকাতায় বুধবার পর্যন্ত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিনে তাপমাত্রা ধাপে ধাপে প্রায় ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে৷ তবে ঝড়বৃষ্টির কারণে গরমের তীব্রতা খুব বেশি বাড়বে না৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ থেকে ৯৫ শতাংশের মধ্যে থাকায় ভ্যাপসা গরম এখনও তেমন অনুভূত হচ্ছে না৷




















