ফিফাকে তোপ টুখেলের, বালোগুন বিতর্কে ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন

বালোগুনের লাল কার্ড প্রত্যাহার ঘিরে বিতর্ক তুঙ্গে। ফিফার সিদ্ধান্ত নিয়ে টমাস টুখেল প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক প্রভাবের অভিযোগও উঠেছে।

tuchel-fifa-balogun-red-card-trump-controversy

বাবান আদক, কলকাতা ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে আমেরিকার স্ট্রাইকার ফোলারিন বালোগুনের (Balogun) লাল কার্ডের শাস্তি রাতারাতি মকুব হওয়ার পর রীতিমতো আগুনে ঘি পড়েছে। ফিফার এই সিদ্ধান্তে এবার সরাসরি তোপ দেগেছে ইংল্যান্ড ও বেলজিয়াম। হোয়াইট হাউসের অঙ্গুলিহেলনে ফিফা চলছে, এমন অভিযোগ তুলে ফুটবল বিশ্ব এখন ক্ষোভে ফুঁসছে।

ইংল্যান্ডের কোচ টমাস টুখেল ফিফার এই নগ্ন দ্বিচারিতাকে তীব্র আক্রমণ করেছেন। মেক্সিকোর বিরুদ্ধে জ্যারেল কোয়ানসাকে দেখানো বিতর্কিত লাল কার্ডের প্রসঙ্গ টেনে চরম শ্লেষের সুরে তিনি বলেন, “আমার তো অবাক লাগছে। আমাদের এখন কী করা উচিত? কার্ড প্রত্যাহার করতে হ্যারি কেনের কি ট্রাম্পের সঙ্গে কথা বলা উচিত?” শুধু তাই নয়, ওই ম্যাচে লাতিন আমেরিকান রেফারিদের দিয়ে ভার (VAR) পরিচালনার মাধ্যমে আয়োজক মেক্সিকোকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে বলেও সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি।

Also Read | লোবেরা জামানার ইতি! সবুজ-মেরুনের হট সিটে বসলেন পানাজিওটিস দিলম্পেরিস

বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া বলেন, “আমি তো ভাবলাম ফিফা বুঝি এপ্রিল ফুল করছে! এটা শুধু আমাদের লড়াই নয়, গোটা বিশ্বের ফুটবলের লড়াই।” বেলজিয়াম ফুটবল সংস্থাও চুপ নেই। তারা ফিফার নিয়মাবলির ১৬ নম্বর ধারার (লাল কার্ড মানেই পরের ম্যাচে নির্বাসন) কথা উল্লেখ করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

ইংল্যান্ড ও বেলজিয়ামের এই ক্ষোভের মূল কারণ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ। জানা গেছে, হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্সের পরামর্শে, বালোগুনকে মাঠে ফেরাতে সোজা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেন ট্রাম্প। ফলস্বরূপ, দ্বিতীয় ফোনেই শাস্তি মকুবের ‘সুখবর’ পেয়ে যান তিনি! সোশ্যাল মিডিয়ায় নির্লজ্জভাবে ফিফাকে ধন্যবাদও জানান ট্রাম্প।

Also Read | আর্জেন্টিনার এই দাপুটে ফুটবলারকে দলে টানার পথে গোয়া

বিতর্ক ঢাকতে ফিফা হোয়াইট হাউসের হস্তক্ষেপের কথা বেমালুম অস্বীকার করেছে। তাদের হাতিয়ার এখন ২৭ নম্বর ধারা, যে নিয়মে লাল কার্ডের সাসপেনশন এক বছরের জন্য স্থগিত রাখা যায় (যেমনটা অতীতে রোনাল্ডোর ক্ষেত্রে করা হয়েছিল)।

কিন্তু পরিসংখ্যান বলছে, চলতি বিশ্বকাপে লাল কার্ড দেখা ১৩ জনের মধ্যে বালোগুন বাদে বাকি ১২ জনকেই এক ম্যাচের নির্বাসন কাটাতে হয়েছে। রাজনৈতিক ক্ষমতা ও দাপটের কাছে ফুটবলের এই আত্মসমর্পণ ইংল্যান্ড ও বেলজিয়ামের মতো দেশগুলো কিছুতেই মেনে নিতে পারছে না। বিশ্বমঞ্চে ফুটবলের নিরপেক্ষতা আজ সত্যিই বড় প্রশ্নের মুখে!