বিট্টু দত্ত, কলকাতা: নতুন আইএসএল মরশুমের আগে দল গঠনের কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে স্পোর্টিং ক্লাব দিল্লি (এসসি দিল্লি)। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বুরুন্ডি জাতীয় দলের তরুণ মিডফিল্ডার ডেভিড রিচার্ড এনদাইশিমিয়েকে দীর্ঘমেয়াদি চুক্তিতে দলে নিয়েছে রাজধানীর ক্লাব। মাত্র ২২ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলে নিজের পরিচিতি তৈরি করা এই ফুটবলারকে নিয়ে যথেষ্ট আশাবাদী এসসি দিল্লি।
জানা গিয়েছে, এনদাইশিমিয়ের সঙ্গে এক বছরের চুক্তি করেছে ক্লাব। তবে চুক্তিতে আরও দু’বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। রুয়ান্ডার শীর্ষ লিগের ক্লাব রেয়ন স্পোর্টস ছাড়ার পর তিনি ফ্রি এজেন্ট হয়ে যান। সেই সুযোগ কাজে লাগিয়েই তাঁকে দলে টানে এসসি দিল্লি। শুধু ভারত নয়, বিদেশের একাধিক ক্লাবও এই ফুটবলারের প্রতি আগ্রহ দেখিয়েছিল। শেষ পর্যন্ত সব প্রতিযোগিতাকে পিছনে ফেলে তাঁর সই নিশ্চিত করতে সক্ষম হয়েছে আইএসএলের এই নতুন দল।
এনদাইশিমিয়ের পাশাপাশি রক্ষণভাগও শক্তিশালী করেছে এসসি দিল্লি। কলম্বিয়ার সেন্টার-ব্যাক দুভান ভিয়াফারাকেও এক বছরের চুক্তিতে দলে আনা হয়েছে। তাঁর ক্ষেত্রেও ভবিষ্যতে আরও এক বছর চুক্তি বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। ফলে নতুন মরশুমে ভারসাম্যপূর্ণ দল গড়ার পথে অনেকটাই এগিয়ে গেল ক্লাবটি।
Also Read | নন্দনের বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিশেষ আয়োজন
পোল্যান্ডের কোচ তোমাস তখুর্জের অধীনে ২০২৬-২৭ মরশুমের প্রস্তুতি নিচ্ছে এসসি দিল্লি। ক্লাব কর্তাদের বিশ্বাস, এনদাইশিমিয়ের মতো তরুণ কিন্তু আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলার মাঝমাঠে নতুন মাত্রা যোগ করবেন। বাঁ-পায়ে দক্ষ এই ফুটবলার প্রয়োজনে সেন্ট্রাল মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার, দুই ভূমিকাতেই সমান স্বচ্ছন্দ। মাঝমাঠে বল নিয়ন্ত্রণ, প্রতিপক্ষের আক্রমণ ভাঙা এবং দ্রুত আক্রমণ গড়ে তোলার ক্ষমতার জন্য তিনি পরিচিত।
গত মরশুমে রেয়ন স্পোর্টসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন এনদাইশিমিয়ে। লিগের ১৯টি ম্যাচের প্রতিটিতেই মাঠে নেমে মোট ১,৭১০ মিনিট খেলেন তিনি। সেই সময়ে একটি গোল এবং একটি অ্যাসিস্টও করেন। শুধু পরিসংখ্যান নয়, ধারাবাহিক পারফরম্যান্সের জন্য রুয়ান্ডা প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার এবং সেরা তরুণ ফুটবলারের পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন তিনি। এত কম বয়সে এমন ধারাবাহিকতা নজর কেড়েছিল বহু ক্লাবের।
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
তাঁর পেশাদার ফুটবল যাত্রা শুরু হয় বুরুন্ডির স্পোর্ট ডাইনামিক ক্লাবে। এরপর ২০২৩ সালে রুয়ান্ডার মুহাজি ইউনাইটেডে যোগ দেন। সেখানে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ২০২৪ সালে রেয়ন স্পোর্টস তাঁকে দলে নেয়। সেই সময় ট্রান্সফার ফি দিয়েই তাঁকে সই করিয়েছিল ক্লাবটি। রেয়ন স্পোর্টসের মতো জনপ্রিয় ও সফল ক্লাবে খেলতে গিয়ে শুরু থেকেই বড় চাপের মুখে পড়তে হলেও খুব দ্রুত নিজেকে মানিয়ে নেন তিনি। অল্প সময়ের মধ্যেই প্রথম একাদশের নিয়মিত সদস্য হয়ে ওঠেন এবং দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডারে পরিণত হন।
ক্লাব ফুটবলের ধারাবাহিক ভালো পারফরম্যান্স তাঁকে বুরুন্ডি জাতীয় দলেও জায়গা করে দেয়। অনূর্ধ্ব-২০ দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পর সিনিয়র জাতীয় দলের ডাক পান তিনি। আন্তর্জাতিক মঞ্চেও তাঁর পরিণত ফুটবল প্রশংসা কুড়িয়েছে।
চলতি বছরের শুরুতে উজবেকিস্তানের প্রথম বিভাগের ক্লাব নাভবাহর নামাঙ্গানের হয়ে ট্রায়ালও দিয়েছিলেন এনদাইশিমিয়ে। যদিও শেষ পর্যন্ত সেই ক্লাবে যোগ দেওয়া সম্ভব হয়নি। তবে তাঁর প্রতিভার প্রতি বিদেশি ক্লাবগুলির আগ্রহ স্পষ্ট হয়ে যায়।





