পরমবীর সিংকে বিদায় জানাল পাঞ্জাব, পরবর্তী গন্তব্য কোথায় জানুন

চুক্তির মেয়াদ শেষ হতেই পরমবীর সিংকে (Paramveer Singh) আনুষ্ঠানিকভাবে বিদায় জানাল Punjab FC। এবার নর্থইস্ট ইউনাইটেডে তাঁর যোগদান প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

paramveer-singh-transfer-update-northeast-united-not-mohun-bagan

সায়ন সেনগুপ্ত, কলকাতা: নয়া মরসুমের জন্য বহু আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে দল গুলি।‌ ভারত সেরা দুই প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গলের পাশাপাশি যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে দেশের প্রথম সারির একাধিক ফুটবল ক্লাব। বলাবাহুল্য, গত কয়েক সপ্তাহ ধরে দল বদলের বাজারে বারংবার উঠে আসতে শুরু করেছিল সবুজ-মেরুন ব্রিগেডের নাম। যেখানে নয়া কোচ নির্বাচনের পাশাপাশি দেশি ও বিদেশি ফুটবলারদের দলে টানার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে ছিল মেরিনার্সরা। সেই তালিকায় ব্যাপকভাবে চর্চিত হচ্ছিলেন পরমবীর সিং (Paramveer Singh)।

আগের সিজন পর্যন্ত প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির সঙ্গে যুক্ত ছিলেন এই সেন্টার ব্যাক। দেশের প্রথম ডিভিশন তথা আইএসএলে শেষ আইএসএলে দলের হয়ে খেলেছিলেন প্রায় ৯টি ম্যাচ। এছাড়াও ডুরান্ড কাপে ও গোল পেয়েছিলেন এই ফুটবলার। তবে চলতি বছরের মে মাসে পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল পাঞ্জাব শিবিরের। সেইকথা মাথায় রেখেই তাঁর সঙ্গে আলোচনা শুরু করেছিল সবুজ-মেরুন। একটা সময় অনেকেই মনে করেছিল যে এবার হয়তো জার্সি বদলে সবুজ-মেরুনে আসবেন তিনি। কিন্তু না শেষ পর্যন্ত বাজিমাত করে নর্থইস্ট ইউনাইটেড।

   

সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই তাঁর যোগদানের কথা জানিয়ে দিতে পারে পাহাড়ের এই ক্লাবটি। এসবের মাঝেই এবার পরমবীরকে বিদায় জানিয়ে দিল পাঞ্জাব। নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর ছবি আপলোড করে লেখা হয়, ‘পাঞ্জাব এফসি-র প্রতি আপনার নিষ্ঠা এবং অবদানের জন্য ধন্যবাদ, পরমবীর। আপনার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা এবং আপনার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ে সাফল্য কামনা করছি।’ নতুন জার্সিতে কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার বিষয়।‌