কলকাতা: দাপুটে ফুটবল খেলে ও এলো না জয়। ফের পয়েন্ট নষ্ট করল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সূচি অনুযায়ী এদিন ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল সার্জিও লোবেরার ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ওয়েন কোয়েলের জামশেদপুর এফসি। সম্পূর্ণ সময়ের শেষে ১-১ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হল এই ফুটবল ম্যাচ। যা কিছুটা হলেও হতাশ করবে সবুজ-মেরুন সমর্থকদের। এদিন মোহনবাগানের হয়ে গোল করে যান ভারতীয় তারকা লিস্টন কোলাসো।
অন্যদিকে, জামশেদপুর এফসিকে সমতায় ফেরান বাংলার ফুটবলার ঋত্বিক দাস। তবে আজকের এই ম্যাচে জয় পেলে অনায়াসেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে আসতে পারতো এই দুই দলের একদল। কিন্তু সেটা সম্ভব হয়নি। যারফলে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল দুই শিবিরকে। শুধুমাত্র গোল পার্থক্যে কিছুটা এগিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট। বলাবাহুল্য, এদিন জামশেদপুরের ঘরের মাঠে ম্যাচ থাকলেও প্রথম থেকেই যথেষ্ট চনমনে থেকেছে লোবেরার ছেলেরা। সুযোগ বুঝেই প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিয়েছিলেন রবসন রবিনহো থেকে শুরু করে জেমি ম্যাকলারেনরা।
যারফলে গোলের মুখ খুলতে খুব একটা সমস্যা হয়নি। ম্যাচের ১৫ মিনিটের মাথায় শুভাশিস বসুর পাস থেকে বল রিসিভ করেন ভারতীয় তারকা লিস্টন কোলাসো। তারপর কিছুটা এগিয়ে এসে ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট নেন জাতীয় দলের এই ফুটবলার। অনায়াসেই সেকেন্ড পোষ্টের গা ঘেসে বল চলে যায় গোলের মধ্যে। কিছুই করার ছিল না অ্যালবিনো গোমসের। তারপর ঘন ঘন সুযোগ এসেছিল উভয় দলের কাছে। কিন্তু গোলের মুখ কিছুতেই খুলতে পারছিলেন না জামশেদপুরের ফুটবলাররা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে সবুজ-মেরুন।
দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান বাড়ানোর পরিকল্পনা থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। পরবর্তীতে খেলোয়াড়দের বদল করে দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে জেসন কামিন্স ও দীপক টাংড়ির মতো ফুটবলারদের মাঠে নামানো হলেও বাড়েনি গোলের ব্যবধান। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত অপরিবর্তিত ছিল ম্যাচের ফলাফল। তারপর অতিরিক্ত পাঁচ মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে। সেখানেই ঘটে যায় বিপত্তি। একেবারে শেষ মুহূর্তে প্রতি আক্রমণে উঠে এসে বাগান ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাজিত করে বাজিমাত করে যান ঋত্বিক।



