সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত কয়েক সপ্তাহ ধরেই সায়ন বন্দোপাধ্যায়কে (Sayan Banerjee) নিয়ে সরগরম ছিল কলকাতা ময়দান। শেষ কয়েক সিজন ধরে ইমামি ইস্টবেঙ্গল দলের হয়ে খেলেছিলেন এই বাঙালি ফুটবলার। জুনিয়র দলের পাশাপাশি সিনিয়র দলের হয়ে ও সকলের নজর কাড়তে শুরু করেছিলেন তিনি। কিন্তু শেষ মরসুমে বিনো জর্জের তত্ত্বাবধানে কলকাতা ফুটবল লিগে খেললেও সেভাবে সুযোগ পাননি সিনিয়র দলে। তাই নয়া মরসুমে সায়নের দল বদলের বিষয়টি জোড়ালো হয়েছিল ব্যাপকভাবে। মনে করা হচ্ছিল পড়শী ক্লাব অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্টে যোগদান করতে চলেছে সায়ন।
সেটাই হল শেষ পর্যন্ত। অবশেষে আজ কিছু ঘন্টা আগে নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা জানিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। গত কয়েকদিন ধরে এই ঘোষণার অপেক্ষাতেই ছিল সকলে। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে চলেছেন এই ফুটবলার। গত ২০২৩-২০২৪ মরসুমে কালীঘাট মিলন সংঘ থেকে ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করেছিলেন এই বাঙালি ফুটবলার। বিনো জর্জের তত্ত্বাবধানে যুবদলে যথেষ্ট নজড় কাড়ায় পরবর্তীতে আর খুব একটা অসুবিধা হয়নি এই তরুণ প্রতিভার।
অতি সহজেই সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গলের সিনিয়র দলে। এমনকি দলের কলিঙ্গ সুপার কাপ জয়ের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সায়নের। তবে এবার মেরিনার্সদের হয়ে কলকাতা ফুটবল লিগে কতটা সাফল্য পান সেটাই দেখার।




















