সায়ন সেনগুপ্ত, কলকাতা: টানা তিন ম্যাচ ড্র। এবার স্পোর্টিং ক্লাব দিল্লিকে আটকে দিল মহামেডান স্পোর্টিং ক্লাব। আজ বিকেলে ইন্ডিয়ান সুপার লিগের অ্যাওয়ে ম্যাচে নেমেছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে ২-২ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই গুরুত্বপূর্ণ ম্যাচ। এদিন দিল্লি দল দুইবার এগিয়ে গেলে পরবর্তীতে দুরন্ত কামব্যাক করে সাদা-কালো ব্রিগেড। যারফলে ১০ ম্যাচ খেলে তাদের সংগ্রহে থাকল ৩ পয়েন্ট। এদিন দিল্লির হয়ে জোড়া গোল পান মাতিয়া বাবোভিচ।
আরও পড়ুন: রোহিতের প্রত্যাবর্তনে ঘুরবে ভাগ্য? প্লে-অফ স্বপ্নে ভরসা মুম্বই ইন্ডিয়ান্সের
অন্যদিকে, মহামেডানের হয়ে গোল করেন অ্যাডিসন সিং এবং হীরা মন্ডল। উল্লেখ্য, এদিন ম্যাচের ১৭ মিনিটের মধ্যেই পেনাল্টি আদায় করে নিয়েছিল টমাস টর্চজের ছেলেরা। সেখান থেকেই গোল করে দলকে এগিয়ে দেন বাবোভিচ। তারপর থেকেই যথেষ্ট সাবধানী ভঙ্গিতে খেলতে দেখা গিয়েছিল ব্ল্যাক প্যান্থার্সদের। তারপর ৪০ মিনিটের মাথায় অ্যাডিসনের হাত ধরেই ম্যাচে ফিরেছিল সাদা-কালো ব্রিগেড। যারফলে প্রথমার্ধের শেষে বজায় ছিল ১-১ গোলের অমীমাংসিত ফলাফল। তবে দ্বিতীয়ার্ধে চাপ বাড়িয়ে ফের গোল তুলে নিতে মরিয়া হয়ে উঠেছিল দুই শিবির।
আরও পড়ুন: শিরোপার আশা বাঁচাতে চেন্নাইয়িনের বিরুদ্ধে মরিয়া জামশেদপুর এফসি
সেক্ষেত্রে খুব একটা অপেক্ষা করতে হয়নি স্পোর্টিং ক্লাব দিল্লিকে। সুযোগ বুঝেই ৫১ মিনিটের মাথায় গোল করে দলকে পুনরায় এগিয়ে দিয়েছিলেন মাতিয়া বাবোভিচ। তারপর যদিও ৬৫ মিনিটের মাথায় রেড রোডের এই ফুটবল ক্লাবকে ফের সমতায় ফেরান হীরা। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলারদের। তারপর গোটা ম্যাচ জুড়ে বল দখলের লড়াই চলার পর অতিরিক্ত ৬ মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে। কিন্তু বদলায়নি ম্যাচের ফলাফল। যারফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই শিবির।




















