৮ বল করেই মাঠছাড়া পাথিরানা, প্লে-অফের আগে বড় ধাক্কা নাইট শিবিরে

গুজরাটের বিরুদ্ধে প্রত্যাবর্তন ম্যাচেই ফের চোট পেলেন Matheesha Pathirana। মাত্র ৮ বল করার পর মাঠ ছাড়ায় কেকেআরের বোলিং আক্রমণ নিয়ে বাড়ল উদ্বেগ।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
matheesha-pathirana-injury-kkr-playoff-race-ipl-2026

১৮ কোটি টাকার বিশাল অঙ্ক খরচ করে শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এখনও পর্যন্ত সেই বিনিয়োগের পূর্ণ সুফল পায়নি ফ্র্যাঞ্চাইজিটি। চোটের কারণে আইপিএলের শুরু থেকেই দলের বাইরে ছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন পাওয়া পুরনো চোট সারিয়ে অনেক অপেক্ষার পর অবশেষে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাঠে নামেন পাথিরানা। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচও সুখের হল না।

মাত্র ৮ বল করার পরই আবার চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন শ্রীলঙ্কার এই জোরে বোলার। শনিবার ইডেন গার্ডেন্সে গুজরাটের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ইমপ্যাক্ট সাব হিসেবে নামানো হয় পাথিরানাকে। দীর্ঘদিন ধরে খারাপ ফর্মে থাকা বৈভব অরোরাকে বাদ দিয়ে তাঁকে সুযোগ দেয় কেকেআর টিম ম্যানেজমেন্ট। প্রত্যাশা ছিল, তাঁর গতির ঝড়ে গুজরাট ব্যাটিং চাপে পড়বে। কিন্তু শুরু থেকেই পুরো ছন্দে দেখা যায়নি তাঁকে। প্রথম ওভারে ১.২ ওভার বল করে দু’টি ওয়াইড-সহ ৯ রান দেন তিনি। নিজের অষ্টম বল করার পরই অস্বস্তিতে পড়েন পাথিরানা। খোঁড়াতে খোঁড়াতে তাঁকে মাঠ ছাড়তে দেখা যায়।

   

প্রথম ওভারের পরই মাঠে ঢুকে কেকেআরের ফিজিয়ো তাঁর শুশ্রূষা করেন। কিছুটা বিশ্রামের পর আবার দ্বিতীয় ওভার করতে এলেও মাত্র দু’টি বল করার পর আর চালিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মাঠের বাইরে চলে যান। জানা গিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পায়ের যে পেশিতে চোট পেয়েছিলেন, সেই জায়গাতেই আবার সমস্যা দেখা দিয়েছে। কয়েক দিন আগেই কেকেআরের সহকারী কোচ শেন ওয়াটসন জানিয়েছিলেন, পাথিরানার ফিটনেস নিয়ে কোনও উদ্বেগ নেই। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের মেডিক্যাল পরীক্ষাতেও পাশ করেছিলেন তিনি। সেই কারণেই আইপিএলে খেলার অনুমতি পেয়েছিলেন। কিন্তু মাঠে নেমেই ফের চোট পাওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন কেকেআর শিবির।

এই চোট কতটা গুরুতর, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে লিগ পর্বের একেবারে গুরুত্বপূর্ণ সময়ে এই ধাক্কা কেকেআরের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে বাকি প্রতিটি ম্যাচ জিততেই হবে অজিঙ্ক রাহানের দলকে। সামনে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কঠিন দুই ম্যাচ। দিল্লির এখনও প্লে-অফে ওঠার সম্ভাবনা রয়েছে।

তাই অক্ষর পটেলদের দল মরিয়া হয়ে নামবে। অন্যদিকে মুম্বইয়ের আর সুযোগ না থাকলেও রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবদের মতো ক্রিকেটাররা মরসুম শেষ করতে চাইবেন জয়ের মধ্য দিয়ে। ফলে কেকেআরের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তার মধ্যেই পাথিরানার নতুন চোট দলের বোলিং আক্রমণকে আরও দুর্বল করে দিল। প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এখন দ্রুত সমাধান খুঁজতেই হবে নাইট শিবিরকে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google