বাবান আদক, কলকাতা ডেস্ক: আগামী ১৯ জুলাই স্পেনের বিরুদ্ধে নিজের কেরিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনালে নামতে চলেছেন লিয়োনেল মেসি (Lionel Messi)। টানা দু’বার আর্জেন্টিনাকে বিশ্বসেরা করার দলগত স্বপ্নের পাশাপাশি, ৩৯ বছর ২৫ দিন বয়সি এই জাদুকরের সামনে রয়েছে অনেকগুলি যুগান্তকারী ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার হাতছানি।
১) মাঠে পা রাখা মাত্রই ব্রাজিলের কাফুর পর বিশ্বের দ্বিতীয় ফুটবলের হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলার অনন্য নজির গড়বেন মেসি। আর চ্যাম্পিয়ন হলে, ফুটবল ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে টানা দু’বার বিশ্বকাপ জয়ের বিরল সিংহাসনে বসবেন তিনি।
২) গোলরক্ষক দিনো জফকে বাদ দিলে, মেসিই হতে চলেছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে পা রাখা বয়স্কতম আউটফিল্ড ফুটবলার। ফাইনালে গোল পেলে তিনি ভাঙবেন ১৯৫৮ সালে সুইডেনের নিলস লিডহোলমের গড়া বয়স্কতম গোলদাতার রেকর্ড। সেই সঙ্গে, ব্রাজিলের নিলটন স্যান্টোসকে (৩৭ বছর) পিছনে ফেলে টানা দু’বার বিশ্বকাপ জয়ী বয়স্কতম খেলোয়াড় হওয়ার সুযোগও থাকছে তাঁর সামনে।
২) চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই আটটি গোল করেছেন মেসি। স্পেনের জালে একবার বল জড়ালেই ১৯৩০ সালে গিলেরমো স্ট্যাবিলের করা এক বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের (৮টি) পুরনো রেকর্ড তিনি ভেঙে দেবেন। একইসঙ্গে, ২০০২ সালে রোনাল্ডোকে টপকে বিশ্বজয়ী দলের হয়ে এক আসরে সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ডও নিজের নামে করবেন। জোড়া গোল পেলে ইউরোপের বাইরের প্রথম ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে ১০ গোলের ম্যাজিক সংখ্যা স্পর্শ করবেন (ফঁতে, কোসিস ও মুলারের পর)।
৩) ফাইনালে গোল পাওয়া মানেই পেলে, জিদান বা এমবাপেদের মতো দু’টি ভিন্ন ফাইনালে গোল করার রেকর্ড গড়বেন। গত ফাইনালেও তাঁর জোড়া গোল ছিল। যদি এবারও জোড়া গোল পান, তবে ফাইনালে এমবাপের সর্বোচ্চ ৪ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন। আর হ্যাটট্রিক করলে ৫ গোল নিয়ে তিনি হবেন বিশ্বকাপ ফাইনালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
কেরিয়ারের গোধূলি বেলায় এই মেগা ফাইনাল শুধু ট্রফি জয়ের লড়াই নয়; বরং একক আধিপত্যে ফুটবল পরিসংখ্যানের গোটা বইটিকে নতুন করে লেখার এক অবিস্মরণীয় মহেন্দ্রক্ষণ।
Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা





