IPL 2026: আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড়সড় ধাক্কা খেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লড়াইয়ের আগে নিশ্চিত হয়ে গেল, টানা দ্বিতীয় ম্যাচেও দলে থাকছেন না দলের অন্যতম ভরসাযোগ্য ওপেনার ফিল সল্ট। বেঙ্গালুরুর ব্যাটিং কোচ ও মেন্টর দীনেশ কার্তিক ম্যাচের আগে এই খবর জানান। ফলে শক্তিশালী দিল্লির বিরুদ্ধে নামার আগে কিছুটা চিন্তায় পড়তেই হচ্ছে বেঙ্গালুরু শিবিরকে। চোটের কারণে আগের ম্যাচেও গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে পারেননি সল্ট। সেই ম্যাচে তাঁর জায়গায় সুযোগ পেয়েছিলেন ইংল্যান্ডের তরুণ ব্যাটার জ্যাকব বেথেল। দিল্লির বিরুদ্ধেও সম্ভবত একই ছবি দেখা যাবে। কারণ সল্ট এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। দলের মেডিক্যাল স্টাফ তাঁর অবস্থার উপর নজর রাখলেও এই ম্যাচে ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
এই মরশুমে দুর্দান্ত ছন্দে ছিলেন সল্ট। নতুন বলে দ্রুত রান তুলে প্রতিপক্ষ বোলারদের উপর চাপ তৈরি করাই তাঁর বড় শক্তি। এখনও পর্যন্ত ছয়টি ম্যাচে ২০২ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৬৮-এর বেশি, যা টি-টোয়েন্টি ক্রিকেটে যথেষ্ট কার্যকর। পাশাপাশি রয়েছে দুটি অর্ধশতরানও। তাই তাঁর অনুপস্থিতি যে বেঙ্গালুরুর ব্যাটিং শক্তিকে কিছুটা হলেও দুর্বল করবে, তা বলাই যায়। শুধু সল্ট নন, আরও এক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাচ্ছে না বেঙ্গালুরু। পেসার রাশিক সালাম দারও এই ম্যাচে মাঠে নামতে পারবেন না। গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান তিনি। পরে মাঝপথেই মাঠ ছাড়তে বাধ্য হন। জানা গিয়েছে, তাঁর পায়ের পেশিতে টান লেগেছে। সেই কারণেই দিল্লির বিরুদ্ধে তাঁকে বিশ্রাম দেওয়া হচ্ছে। রাশিকের জায়গায় সুযোগ পেতে পারেন অভিনন্দন সিং। তরুণ এই পেসারের সামনে নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ অপেক্ষা করছে। অন্যদিকে ওপেনিং জুটিতে আবারও দেখা যেতে পারে জ্যাকব বেথেলকে। তিনি আগের ম্যাচে সুযোগ পেয়েছিলেন এবং এবারও সল্টের পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেতে পারেন।
পয়েন্ট টেবলে এখন বেশ ভালো জায়গাতেই রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলটি বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে এবং তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। দিল্লির বিরুদ্ধে জয় পেলে শীর্ষ দুইয়ে অবস্থান আরও মজবুত করতে পারবে তারা। তবে টানা দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অনুপস্থিতি নিঃসন্দেহে মানসিক চাপ বাড়াবে দলের উপর। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসও ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া। সাত ম্যাচে তিন জয় নিয়ে তারা রয়েছে সপ্তম স্থানে। ফলে এই ম্যাচ দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। চোট সমস্যার মাঝেও বেঙ্গালুরু জয়ের ধারা ধরে রাখতে পারে কি না, সেটাই এখন দেখার।




















