দীর্ঘ পাঁচ দশকের বিশ্বকাপ খরা কাটিয়ে নতুন ইতিহাস লেখার স্বপ্নে বুঁদ এখন ক্রেগ ফুল্টনের ভারত। হকি বিশ্বকাপের জন্য সোমবার ২০ সদস্যের ভারতীয় পুরুষ দল ঘোষণা করল হকি ইন্ডিয়া। আগামী ১৫ থেকে ৩০ অগস্ট বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের মাটিতে বসতে চলেছে বিশ্ব হকির এই মেগা আসর।
প্রত্যাশামতোই দলের নেতৃত্বভার থাকছে তারকা ড্র্যাগ ফ্লিকার হরমনপ্রীত সিংয়ের কাঁধে। দলের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা নেবেন ভারতের হয়ে সর্বাধিক ম্যাচ খেলা অভিজ্ঞ মিডফিল্ডার মনপ্রীত সিং। প্রধান কোচ ক্রেগ ফুল্টন দলগঠন প্রসঙ্গে আত্মবিশ্বাসী। তাঁর কথায়, “দলটা দারুণ ভারসাম্যের। অভিজ্ঞতা এবং ফর্মের তুঙ্গে থাকা তরুণদের এক নিখুঁত সংমিশ্রণ তৈরি হয়েছে। নামের জোরে নয়, পারফরম্যান্স দিয়েই দলে জায়গা করে নিয়েছে তরুণেরা।”
ফুল্টনের রণনীতিতে এখন একটাই মন্ত্র ‘প্রেস, কাউন্টার, পারফর্ম’। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁরা এখনই হাওয়ায় ভাসতে রাজি নন, একটা করে ম্যাচ ধরে এগিয়ে প্রতিটি ম্যাচে নিজেদের উজাড় করে দেওয়াই লক্ষ্য।
১৯৭৫ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই সোনালি ইতিহাস ছুঁতে চেয়ে ফুল্টনের বার্তা, “৫০ বছর পর ভারতীয় হকির ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুবর্ণ সুযোগ রয়েছে এই দলটির সামনে। আমরা দারুণ রোমাঞ্চিত।”
আসন্ন বিশ্বকাপে ‘পুল ডি’-তে ভারতের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং ওয়েলস। পুল পর্যায়ের সবকটি ম্যাচই ভারত খেলবে নেদারল্যান্ডসের আমস্টেলভিনে। স্বাধীনতা দিবসের দিন, অর্থাৎ ১৫ অগস্ট ওয়েলসের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবেন হরমনপ্রীতরা। এরপর ১৭ অগস্ট প্রতিপক্ষ ইংল্যান্ড। তবে টুর্নামেন্টের সবচেয়ে কাঙ্ক্ষিত মহারণটি হতে চলেছে ১৯ অগস্ট, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।
এক নজরে ২০ সদস্যের ভারতীয় দল:
গোলরক্ষক: মোহিত এইচএস, সুরজ করকেরা
ডিফেন্ডার: হরমনপ্রীত সিং (অধিনায়ক), জার্মানপ্রীত সিং, অমিত রোহিদাস, যুগরাজ সিং, সঞ্জয়, সুমিত, যশদীপ সিওয়াচ
মিডফিল্ডার: মনপ্রীত সিং, হার্দিক সিং, বিবেক সাগর প্রসাদ, নীলকান্ত শর্মা, রাজিন্দর সিং, আদিত্য অর্জুন লালাগে
ফরোয়ার্ড: মনদীপ সিং, দিলপ্রীত সিং, অভিষেক, সুখজিৎ সিং, শিলানন্দ লাকড়া





