East Bengal: শনির সকালে শহরে আসছেন লাল-হলুদের নতুন তারকা

গতকাল বেলার দিকে নিজেদের নতুন বিদেশি ডিফেন্ডারের নাম ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। তিনি হিজাজি মাহের (Hijazi Maher )। গত কয়েক বছর ধরে জর্ডানের জাতীয় দলের হয়ে ...

By Rana Das

Published:

Follow Us
Hijazi Maher

গতকাল বেলার দিকে নিজেদের নতুন বিদেশি ডিফেন্ডারের নাম ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। তিনি হিজাজি মাহের (Hijazi Maher )। গত কয়েক বছর ধরে জর্ডানের জাতীয় দলের হয়ে ফুটবল খেলে আসছেন এই তারকা ডিফেন্ডার। এবার তাকেই চূড়ান্ত করেছে কলকাতার এই প্রধান। যা নিঃসন্দেহে বড়সড় চমক ভারতীয় ক্লাব ফুটবলের ক্ষেত্রে।

উল্লেখ্য, নয়া মরশুমে কোচ কার্লোস কুয়াদ্রাতকে লাল-হলুদের দায়িত্ব দেওয়ার পর থেকেই নতুন করে সেজে উঠেছে গোটা দল। তার নির্দেশ মতোই একের পর এক বিদেশি ফুটবলার চূড়ান্ত করেছে ম্যানেজমেন্ট। যার মধ্যে ছিল অজি ডিফেন্ডার জর্ডন এলসে। এবারের ডুরান্ড কাপে দলের হয়ে যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি। কিন্তু টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মোটেও সুখকর ছিলনা তার পক্ষে। সেখানেই চোট পান তিনি।

   

বর্তমানে যা পরিস্থিতি তাতে আগামী কয়েক মাস মাঠের বাইরেই থাকতে হবে এই তারকা ফুটবলারকে। এই পরিস্থিতিতে দলের রক্ষনভাগের হাল ধরবেন হিজাজি মাহের। বলাবাহুল্য, ইরাকের প্রথম ডিভিশনের একটি ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর তার উপর নিয়মিত নজর রাখতে শুরু করেছিলেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। পরবর্তীতে জানা যায়, শেষ ৪৮ ঘন্টার মধ্যে তাকে চূড়ান্ত করে আসেন এই স্প্যানিশ কোচ। তাতে সাড়াও দেন এই তারকা।

পরবর্তীতে দলের সঙ্গে যুক্ত হয়ে যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। হিজাজি বলেন, “ঐতিহাসিক একটি ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি যথেষ্ট খুশি। এই দলের কোচ সহ ক্লাবের সকলকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ভরসা করার জন্য।আমাকে সুযোগ দেওয়ার জন্য। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই লিগের জনপ্রিয়তা আমাদের সকলের জানা। আমি এই দলের জার্সিতে মাঠে নেমে ডার্বি খেলার জন্য যথেষ্ট মুখিয়ে রয়েছি।”

যা সহজেই মন কেড়েছে আপামর লাল-হলুদ জনতার। এসবের মাঝেই এবার তাকে নিয়ে উঠে এল নয়া তথ্য। যতদূর জানা গিয়েছে, আগামীকাল শহর কলকাতায় পা রাখতে চলেছেন জর্ডানের এই দাপুটে ডিফেন্ডার। হ্যাঁ ঠিকই শুনেছেন। সব ঠিকঠাক থাকলে কাল সকালের মধ্যেই কলকাতা বিমানবন্দরে পা রাখতে পারেন হিজাজি মাহের। এখন সেদিকেই নজর সকলের।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google