এগিয়ে থেকে গোল হজম, প্রথমার্ধে চেন্নাইয়িনের সঙ্গে অমীমাংসিত ফলাফল লাল-হলুদের

দক্ষিণের এই দলের হয়ে গোল করেন ইরফান ইয়াদওয়াদ। বলাবাহুল্য, এদিন প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল অস্কার ব্রুজোর ছেলেদের।

আন্তজার্তিক বিরতির পর আজ পরবর্তী ম্যাচে নেমেছে ইস্টবেঙ্গল ক্লাব। প্রথম অ্যাওয়ে ম্যাচে তাঁদের লড়াই করতে হচ্ছে ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে বজায় রয়েছে ১-১ গোলের অমীমাংসিত ফলাফল। লাল-হলুদের হয়ে গোল করেছেন এডমুন্ড লালরিন্ডিকা। অন্যদিকে, দক্ষিণের এই দলের হয়ে গোল করেন ইরফান ইয়াদওয়াদ। বলাবাহুল্য, এদিন প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল অস্কার ব্রুজোর ছেলেদের।

যারফলে গোলের মুখ খুলতে খুব একটা সমস্যা হয়নি। ম্যাচের প্রথম কোয়ার্টারেই এসেছিল গোল। ৭ মিনিটের মাথায় প্রতিপক্ষের গোলে বল ঠেলে যান এডমুন্ড লালরিন্ডিকা। সেই সুবাদে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল দল। যদিও সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৮ মিনিটের মাথায় গোল পরিশোধ করে যান ইরফান। যেটা নিঃসন্দেহে ধাক্কা ছিল সকলের কাছেই। তারপরও বেশ কয়েকবার আক্রমণে উঠে এসেছিল দুই দলের ফুটবলাররা। কিন্তু গোলের দেখা মেলেনি।

Advertisements

তবে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দ্বিতীয়ার্ধের ম্যাচ। যেখানে এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে ম্যাচের ফলাফল। শীঘ্রই গোল করে ব্যবধান বাড়িয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে দুই শিবিরের। চেন্নাইয়িনের কাছে আজ আটকে গেলে অনেকটাই যে পিছিয়ে পড়বে ইস্টবেঙ্গল সেটা বলাই চলে।