সায়ন সেনগুপ্ত, কলকাতা: বাইশ বছরের অপেক্ষার অবসান ঘটেছে গত সিজনে। সমস্ত বাঁধা বিঘ্নতা কাটিয়ে দেশের সেরা হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল ক্লাব। প্রায় দুই যুগের কাছাকাছি অপেক্ষার পর জাতীয় লিগ এসেছে লাল-হলুদ তাঁবুতে। সেই নিয়ে এখনও খুশির আমেজ রয়ে গিয়েছে সমর্থকদের মধ্যে। তবে এখন থেকেই নতুন সিজনের জন্য পরিকল্পনা গঠনের কাজ শুরু করে দিয়েছে একাধিক ফুটবল দল। গত সপ্তাহ পর্যন্ত আইএসএল নিয়ে অনিশ্চয়তা থাকলেও ইতিমধ্যেই তা স্পষ্ট হয়ে গিয়েছে। যারফলে সঠিক সময়েই হয়তো শুরু হতে চলেছে লিগ।
আরও পড়ুন: নায়ক মোসাদ্দেক! ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
তবে নয়া মরসুমের জন্য এবার ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে এক বাঙালি লেফট ব্যাকের নাম। তিনি সন্দীপ মান্ডি। গত সিজনে আন্তোনিও লোপেজ হাবাসের ইন্টার কাশীর সঙ্গে যুক্ত ছিলেন এই বাঙালি ফুটবলার। বারাণসীর এই দলের জার্সিতে ইন্ডিয়ান সুপার লিগের অধিকাংশ ম্যাচ খেলেছিলেন তিনি। যার মধ্যে দুইটি অ্যাসিস্ট ছিল বছর তেইশের এই ফুটবলারের। এছাড়াও সুপার কাপে ও দলের হয়ে খেলেছিলেন কল্যাণীর এই ডিফেন্ডার। শোনা যাচ্ছে, আগত মরসুমের কথা মাথায় রেখেই নাকি তাঁর দিকে নজর রয়েছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের।
আরও পড়ুন: শেষ মুহূর্তে পেনাল্টি গোল হজম, তাজিকিস্তানের বিরুদ্ধে জয় হাতছাড়া ভারতের
একটা সময় জামশেদপুর এফসির যুব দল থেকে উঠে এসেছিলেন এই ফুটবলার। পরবর্তীতে সিনিয়র দলে উত্তরণ। তারপর ময়দানের অন্যতম প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব থেকে পরবর্তীতে তাকে টেনেছিল ডায়মন্ড হারবার এফসি। বছর কয়েক আগে সেই দল থেকেই যোগ দিয়েছিলেন ইন্টার কাশীতে। শেষ পর্যন্ত তাঁকে লাল-হলুদ ব্রিগেডে দেখা গেলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না সমর্থকদের কাছে।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে স্বস্তি ব্রাজিলে, দ্রুত ফিট হচ্ছেন নেইমার জুনিয়র




















