
Kolkata, May 17: আজ, রবিবার (১৭ মে) ‘রেস টু প্লে-অফ’-এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস। আজ জিতলে প্লে অফের দৌড়ে এগিয়ে যাবে রাজস্থান। কিন্তু একটু ভুলেই টুর্নামেন্টে থেকে অবনমিত হতে পারে দিল্লি। উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সন্ধ্যে ৭:৩০ মিনিটে।
এখনো পর্যন্ত এ মরসুমে ১১টি ম্যাচ খেলেছে রাজস্থান রয়্যালস, যা অন্যান্য দলের থেকে কম। ১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তারা পঞ্জাবের পর পঞ্চম স্থানে রয়েছে। দিল্লির বিরুদ্ধে আজ জিতলে সামনে তারা আরও সুযোগ পাবে পয়েন্ট সংগ্রহের এবং অনায়াসে প্লে-অফে পৌঁছে যাবে। শেষ দুটি ম্যাচ টানা হারলেও বৈভব ঝড় উঠলে জয় নিশ্চিত।
অন্যদিকে, ধুঁকছে দিল্লি। ১২ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে অক্ষর বাহিনী। আজ রাজস্থানের বিরুদ্ধে সফল না হলে বিদায় নিশ্চিত। তাই ম্যাচটিকে কোন কারণেই হালকাভাবে নিচ্ছে দিল্লি শিবির। তারাও আজ পয়েন্ট সংগ্রহের জন্য মরিয়া হয়ে উঠবে। গত ম্যাচের জয়ের উত্তেজনা নিয়েই আজ মাঠে নামবে তারা।
পরিসংখ্যান অনুযায়ী, মুখোমুখি লড়াইয়ে দিল্লি ক্যাপিটালস খুব সামান্য ব্যবধানে এগিয়ে আছে। আইপিএলে দিল্লি ও রাজস্থান এক অপরের বিপক্ষে মোট ৩১টি ম্যাচ খেলেছে। যেখানে দিল্লি মোট ১৬টি ম্যাচ জিতেছে এবং রাজস্থান রয়্যালস জিতেছে ১৫টি।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার সন্ধ্যায় রাজধানীতে খুব গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে। এছাড়া তাপমাত্রা প্রায় ৩৮° সেলসিয়াস এবং গড় আর্দ্রতা ২৮ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে।
অরুণ জেটলি স্টেডিয়ামটি ব্যাটসম্যানদের জন্য একটি চমৎকার ভেন্যু। এখানের উইকেটটি ফ্ল্যাট, যা ভালো বাউন্স ও গতি এনে দেয়। এছাড়া এখানে বেশ ছোট বাউন্ডারি এবং দ্বিতীয় ইনিংসে শিশিরও একটি বড় ভূমিকা পালন করে। একারণেই টস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
দিল্লি ক্যাপিটালস সম্ভাব্য একাদশ:
কেএল রাহুল (উইকেটরক্ষক), অভিষেক পোড়েল, সাহিল পারখ, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, অক্ষর প্যাটেল (অধিনায়ক), মাধব তিওয়ারি, মুকেশ কুমার, আকিব নবী দার, মিচেল স্টার্ক, লুঙ্গি এনগিডি।
ইমপ্যাক্ট প্লেয়ার: আশুতোষ শর্মা।
রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশ:
যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রিয়ান পরাগ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, ডোনোভান ফেরেরা, রবীন্দ্র জাদেজা, দাসুন শানাকা, জোফরা আর্চার, তুষার দেশপান্ডে, ব্রিজেশ শর্মা, যশ রাজ পুঞ্জা। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব সূর্যবংশী।

