ভারতীয় প্রতিভায় আস্থা, ভানুকে দলে নিল জার্মানির এফসি কোলন

ভারতীয় তরুণ উইঙ্গার ভানু গোগিরেড্ডিকে ইন্টারন্যাশনাল ট্যালেন্ট প্রোগ্রামে অন্তর্ভুক্ত করল জার্মানির এফসি কোলন। ইউরোপীয় কোচিং ও প্রতিযোগিতায় নিজেকে প্রমাণের সুযোগ পাবেন তিনি।

bhanu-gogireddy-joins-fc-cologne-international-talent-program

বাবান আদক, কলকাতা: ভারতীয় ফুটবলের জন্য বড় স্বীকৃতি। তরুণ উইঙ্গার ভানু গোগিরেড্ডিকে (Bhanu Gogireddy) স্কাউট করে নিজেদের ইন্টারন্যাশনাল ট্যালেন্ট প্রোগ্রামে অন্তর্ভুক্ত করল জার্মানির ক্লাব এফসি কোলন। এই কর্মসূচিতে এশিয়া থেকে মাত্র দু’জন ফুটবলার সুযোগ পেয়েছেন, যার অন্যতম ভানু।

ইন্টারন্যাশনাল ট্যালেন্ট প্রোগ্রামের মাধ্যমে ভানু নিয়মিতভাবে এফসি কোলনের কোচিং কাঠামোর অধীনে অনুশীলনের সুযোগ পাবেন। পাশাপাশি ইউরোপের একাধিক শীর্ষ যুব দলের বিরুদ্ধে ম্যাচ খেলেও নিজের দক্ষতা যাচাই করার সুযোগ থাকবে তাঁর সামনে। ইউরোপীয় ফুটবলের উচ্চ গতি, ট্যাকটিক্যাল শৃঙ্খলা এবং প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার এটাই হবে তাঁর বড় পরীক্ষা।

Also Read | FIFA বিশ্বকাপে সুযোগ পেল ভারত! কাপ জেতার হুংকার রঞ্জিত বাজাজের

ভারতীয় ফুটবলে সাম্প্রতিক সময়ে বিদেশি ক্লাবগুলির নজর ক্রমশ বাড়ছে। ভানুর এই সুযোগ সেই প্রবণতাকেই আরও জোরালো করল। একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে তাঁর গতি, এক বনাম এক পরিস্থিতিতে প্রতিপক্ষকে পরাস্ত করার ক্ষমতা এবং উইং থেকে আক্রমণ গড়ে তোলার দক্ষতাই এফসি কোলনের স্কাউটদের নজর কেড়েছে বলে মনে করা হচ্ছে।

Also Read | এশিয়ান অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্সে ভারতের দাপট, ৩ সোনাসহ ১৬ পদক জয়

জার্মান ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব এফসি কোলনের মতো প্রতিষ্ঠানে প্রশিক্ষণের সুযোগ শুধু ভানুর ব্যক্তিগত কেরিয়ারের জন্য নয়, ভারতীয় যুব ফুটবলের জন্যও ইতিবাচক বার্তা বহন করে। ইউরোপীয় পরিবেশে ধারাবাহিক উন্নতি করতে পারলে ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করার সম্ভাবনা তৈরি হতে পারে তাঁর সামনে। একই সঙ্গে এই সাফল্য দেশের অন্যান্য তরুণ ফুটবলারদের কাছেও একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে থাকবে।