বাবান আদক, কলকাতা ডেস্ক: ফুটবল-বিশ্বে (FIFA World Cup) এমন নজিরবিহীন জনরোষ সম্ভবত আগে কখনও দেখা যায়নি। ফিফা এবং রেফারিদের ‘নির্লজ্জ’ পক্ষপাতিত্বের অভিযোগে এবার কার্যত বারুদ স্তূপে পরিণত হয়েছে গোটা টুর্নামেন্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে মেগা সেমিফাইনালের ঠিক আগে, ‘কিক আর্জেন্টিনা আউট’ স্লোগানে কাঁপছে ফুটবল দুনিয়া। লিয়োনেল মেসিদের বিশ্বকাপ থেকে অবিলম্বে বহিষ্কারের দাবিতে ইতিমধ্যেই জমা পড়েছে ৭৫ লক্ষেরও বেশি সই!
টুর্নামেন্টের শুরুতে চিত্রটা এমন ছিল না। কিন্তু প্রতিযোগিতা যত গড়িয়েছে, রেফারির বাঁশি যেন বারবার বেজে উঠেছে শুধু আর্জেন্টিনারই সুরে! বিতর্কিত ফাউল, অফসাইড বা কার্ডের ক্ষেত্রে ফিফার ‘আশীর্বাদের হাত’ যেন বারবার স্পষ্ট হয়ে উঠেছে মেসিদের মাথার ওপর। আর এই সন্দেহ থেকেই জন্ম নিয়েছে এক অভাবনীয় ক্ষোভের। ফুঁসতে থাকা ফুটবল ভক্তরা একজোট হয়ে শুরু করেছেন ‘argentinaout.com’ নামের এক ডিজিটাল বিপ্লব। আর তাতেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই পিটিশন।
Also Read | FIFA বিশ্বকাপে সুযোগ পেল ভারত! কাপ জেতার হুংকার রঞ্জিত বাজাজের
পিটিশনের বয়ান যেন তীক্ষ্ণ তিরের মতো বিঁধছে ফিফার বিশ্বাসযোগ্যতাকে। সেখানে সরাসরি তোপ দেগে বলা হয়েছে, “ফিফা এবং রেফারিরা নির্লজ্জভাবে মেসি এবং আর্জেন্টিনাকে সুবিধা পাইয়ে দিচ্ছে। বিজয়ীর নাম যদি আগে থেকেই চিত্রনাট্যে লেখা থাকে, তাহলে বিশ্বের বাকি দলগুলোকে নিয়ে এই লড়াইয়ের প্রহসন কেন? অবিলম্বে আর্জেন্টিনাকে ঘাড়ধাক্কা দিয়ে টুর্নামেন্ট থেকে বের করা হোক এবং সবাইকে সমান সুযোগ দেওয়া হোক।” বুধবার ভোর পর্যন্ত ৭৫ লক্ষ মানুষের এই গর্জনে কার্যত কোণঠাসা অবস্থা আয়োজকদের। অথচ এত বড় এক সাইবার-বিস্ফোরণের পরেও রহস্যজনকভাবে মুখে কুলুপ এঁটে বসে রয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা!
Also Read | এশিয়ান অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্সে ভারতের দাপট, ৩ সোনাসহ ১৬ পদক জয়
একে তো সেমিফাইনালে প্রতিপক্ষ দুর্ধর্ষ ইংল্যান্ড, তার ওপর মাঠের বাইরের এই ভয়াবহ মনস্তাত্ত্বিক চাপ সব মিলিয়ে এক চূড়ান্ত অগ্নিপরীক্ষার মুখে দাঁড়িয়ে লিয়োনেল স্কালোনির দল। গোটা বিশ্বের কোটি কোটি চোখ এখন শুধু ফুটবলারদের পায়ে নয়, আতশ কাঁচের মতো ফোকাস করে থাকবে রেফারির প্রতিটি বাঁশির দিকে। সামান্য একটি সন্দেহজনক সিদ্ধান্তও যে ফুটবলের এই জ্বলন্ত আগ্নেয়গিরিতে বড়সড় বিস্ফোরণ ঘটাবে, তা আর বলার অপেক্ষা রাখে না। ৭৫ লক্ষ মানুষের এই প্রবল জনরোষের আগুনে কি পুড়ে ছাই হয়ে যাবে মেসিদের বিশ্বকাপ অভিযান, নাকি যাবতীয় বিতর্কের জবাব মাঠের ভেতরেই দেবে আর্জেন্টিনা? উত্তরের অপেক্ষায় রুদ্ধশ্বাস গোটা বিশ্ব!





