বাবান আদক, কলকাতা: আর্থিক প্রতিবন্ধকতার কারণে বারবার থমকে গিয়েছে বহু প্রতিভার উড়ান। অর্থের অভাবে মাঝপথেই খেলা ছেড়ে দেওয়ার মতো মর্মান্তিক ঘটনা ভারতীয় ক্রীড়াক্ষেত্রে নতুন কিছু নয়। তবে এবার সেই চেনা ছবিতে বদল আনতে কালো সাদা বোর্ডে এক যুগান্তকারী চাল দিল সর্বভারতীয় দাবা ফেডারেশন (AICF)। দেশের ৪২ জন প্রতিশ্রুতিমান তরুণ দাবাড়ুর জন্য মোট ৪২.৩ লক্ষ টাকার ত্রৈমাসিক স্টাইপেন্ড বা অনুদান প্রদান করল দেশের শীর্ষ দাবা নিয়ামক সংস্থা।
এআইসিএফ-এর এই ঐতিহাসিক উদ্যোগের মূল লক্ষ্য হলো গ্রাসরুট থেকে ভবিষ্যৎ চ্যাম্পিয়ন তুলে আনা এবং তরুণ প্রতিভারা যাতে আর্থিক অনটনের কারণে দাবার বোর্ড থেকে ছিটকে না যায়, তা সুনিশ্চিত করা। ফেডারেশন সূত্রে জানানো হয়েছে, ২০২৪ সালের জাতীয় চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্সের নিরিখে অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব-১৯ বিভাগের (ওপেন এবং গার্লস) শীর্ষ ৪২ জন খেলোয়াড়কে এই অনুদানের জন্য বেছে নেওয়া হয়েছে। মেধা এবং বয়সভিত্তিক বিভাগ অনুযায়ী এই ত্রৈমাসিক স্টাইপেন্ডের অঙ্ক মাথা পিছু ৬০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে।
এই অভিনব উদ্যোগ প্রসঙ্গে এআইসিএফ সভাপতি নীতিন নারাং সমাজমাধ্যমে একটি বিবৃতি দিয়ে জানান, ভারতীয় দাবার ইতিহাসে এই পদক্ষেপ এক ঐতিহাসিক মুহূর্ত। তিনি বলেন, “দেশের ৪২ জন শীর্ষ প্রতিভাকে মোট ৪২,৩০,০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করতে পেরে আমরা আনন্দিত। ভারতীয় দাবার ইতিহাসে এই প্রথমবার উঠতি প্রতিভাদের জন্য এমন আর্থিক সুরক্ষার ব্যবস্থা করা হলো, যাতে টাকার অভাবে কাউকে নিজের প্যাশন বিসর্জন না দিতে হয়।”
তিনি আরও যোগ করেন যে, এই অনুদান তরুণ দাবাড়ুদের উন্নত মানের কোচিং এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে যাতায়াতের খরচ জোগাতে সাহায্য করবে। আন্তর্জাতিক আঙিনায় দেশের ভবিষ্যৎ গ্র্যান্ডমাস্টাররা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করতে পারে এবং বিশ্বমঞ্চে নিজেদের মেলে ধরতে পারে, তার ব্লু প্রিন্ট তৈরি করতেই এআইসিএফ-এর এই সাধু উদ্যোগ।





