নয়াদিল্লি: মুম্বই আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সলিম দোলা (Salim Dola)অবশেষে ভারতীয় গোয়েন্দাদের জালে। আন্তর্জাতিক সহযোগিতায় পরিচালিত একটি সুপরিকল্পিত অভিযানে তাকে তুরস্কের ইস্তানবুল থেকে গ্রেফতার করা হয় এবং পরে ভারতে ডিপোর্ট করা হয়েছে। এই ঘটনাকে বড় সাফল্য হিসেবেই দেখছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি।
সূত্রের খবর, সম্প্রতি ইস্তানবুলে আত্মগোপন করে ছিল সলিম দোলা। দীর্ঘদিন ধরে তার গতিবিধির উপর নজর রাখছিল একাধিক ভারতীয় গোয়েন্দা সংস্থা। শেষ পর্যন্ত আন্তর্জাতিক সংস্থার সহায়তায় তাকে আটক করা সম্ভব হয়। এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে ভারতে পাঠানো হয়। আজ সকালে একটি বিশেষ বিমানে করে তাকে দিল্লিতে নিয়ে আসা হয় বলে জানা গেছে।
আরও দেখুনঃ রাফালের জন্য দেশীয় সফটওয়্যার তৈরি করবে বায়ুসেনা, এফডিআর বিশ্লেষণ হবে আরও দ্রুত
দিল্লির একটি টেকনিক্যাল বিমানবন্দরে অবতরণের পরই তাকে কড়া নিরাপত্তার মধ্যে নিয়ে যাওয়া হয় নার্কোটিক কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র সদর দফতরে। সেখানে ইতিমধ্যেই শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। গোয়েন্দারা মনে করছেন, সলিম দোলার কাছ থেকে আন্তর্জাতিক মাদক চক্র, হাওয়ালা লেনদেন এবং আন্ডারওয়ার্ল্ডের বিস্তৃত নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।
বিশেষজ্ঞদের মতে, দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ মহলে থাকা ব্যক্তিদের মধ্যে সলিম দোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মাধ্যমে বহু আন্তর্জাতিক যোগাযোগ রক্ষা করা হত বলে অভিযোগ। ফলে তার গ্রেফতার এবং ভারতে প্রত্যর্পণ গোটা তদন্তে নতুন দিশা দেখাতে পারে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থা তার সঙ্গে জড়িত নেটওয়ার্ক খতিয়ে দেখতে শুরু করেছে।
জানা যাচ্ছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হতে পারে। মুম্বই পুলিশের বিশেষ দল ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছে বলেও সূত্রের দাবি। সেখানে তার বিরুদ্ধে একাধিক পুরনো মামলা রয়েছে, বিশেষ করে মাদক পাচার, অর্থপাচার এবং অপরাধ জগতের সঙ্গে যোগাযোগের অভিযোগে।
এই ঘটনায় আন্তর্জাতিক স্তরে ভারতের গোয়েন্দা সংস্থার সমন্বয় এবং দক্ষতারও প্রমাণ মিলেছে। তুরস্কের সঙ্গে সমন্বয় রেখে অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা সহজ কাজ নয়। তবে এই অভিযানে তা সফলভাবে সম্পন্ন হয়েছে, যা ভবিষ্যতে এই ধরনের অপারেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।




















