সোহিনী পোড়েল, কলকাতা: রাহুল দ্রাবিড় (Rahul Dravid) । দ্য ওয়াল হিসেবে বিশ্ববিখ্যাত। ভারতের প্রাক্তন হেড কোচ। তাঁর কোচিংয়েই বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। রাজস্থান রয়্যালসের কোচের পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। রবিচন্দ্রন অশ্বিন। ভারতের প্রাক্তন ক্রিকেটার। বেশ অনেক দিনা আগেই আইপিএল থেকে অবসর নিয়েছেন তিনি। এবার দেশ ছেড়ে বিদেশে দুই প্রাক্তন ক্রিকেটার। ইউরোপিয়ান লিগে দল কিনছেন তাঁরা।
ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ বা ইটিপিএলে ভারতীয়দের নিয়ে তৈরি কনসর্টিয়ামের সদস্য হয়েছেন রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন অশ্বিন। একসঙ্গে গ্লাসগোর দল কিনছেন তাঁরা। নেদারল্যান্ডসের রটারডামের দল কিনছে দক্ষিণ আফ্রিকার ফাফ ডুপ্লেসি, হাইনরিখ ক্লাসেন এবং জন্টি রোডসের নেতৃত্বাধীন একটি গোষ্ঠী। চলতি মাসের শেষের দিকে আনুষ্ঠানিক ভাবে দুই দলের নাম ঘোষণা করা হবে বলে সূত্র মারফৎ খবর।
আমস্টারডাম, বেলফাস্ট এবং এডিনবরার দলগুলি কিনেছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ব্যবসায়ীরা। ডাবলিন দল এখনও অবিক্রিত। যদিও ইতিমধ্যেই এই দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’-এর ২ টি দলের মালিক। বলে রাখা ভালো, ইটিপিএলে যে দল কিনবেন রবিচন্দ্রন অশ্বিন, সেই দলের হয়ে খেলতে পারবেন তিনি। অন্যদিকে ২০০৩-এ কাউন্টি ক্রিকেটে খেলার সময় স্কটল্যান্ডের হয়ে একটি মরসুম খেলার অভিজ্ঞতা রয়েছে রাহুল দ্রাবিড়ের।




















